logo

মনের মানুষের খোঁজে বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

মনের মানুষের খোঁজে বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
ছবি: অনন্যা ম্যাগাজিন

মনের মানুষের খোঁজে এবার বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির পর্যটন সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের সিঙ্গেল মানুষদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন করেছে ফিনল্যান্ড। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই প্রচারণাটি শুরু করেছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে এই আয়োজনে নির্বাচিত ১৬ জন পাবেন সম্পূর্ণ বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ। বিমানভাড়া থেকে শুরু করে থাকা-খাওয়া ও বিভিন্ন কার্যক্রমের খরচ বহন করবে দেশটির পর্যটন বোর্ড। বিশ্বের যেকোনো দেশের প্রাপ্তবয়স্ক সিঙ্গেল ব্যক্তিরা এতে আবেদন করতে পারবেন। ফলে বাংলাদেশিদের জন্যও থাকছে আবেদনের সুযোগ।

ফিনল্যান্ডের এই আয়োজনের উদ্দেশ্য কী?

বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ফিনল্যান্ড এবার পর্যটকদের কাছে নিজেদের খাবার ও সংস্কৃতি তুলে ধরতে নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবেই ‘ফিনিশ ডিনার ডেট’ নামের আয়োজনটি শুরু করেছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। এই আয়োজনের মূল উদ্দেশ্য ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে আন্তর্জাতিক পর্যটকদের পরিচিত করানো।

২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত ১৬ জনকে নিয়ে এই বিশেষ ভ্রমণের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের তামপেরে শহরে ভ্রমণ করবেন।

ভ্রমণে কী কী সুযোগ পাবেন নির্বাচিতরা?

এই আয়োজনে নির্বাচিত ১৬ জনের জন্য চার দিনের বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা থাকবে। তাদের বিমানভাড়া, আবাসন, খাবার ও নির্ধারিত ভ্রমণ কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে ‘ভিজিট ফিনল্যান্ড’।

অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হবে। প্রতিটি দলে থাকবেন আটজন আন্তর্জাতিক পর্যটক। তাদের সঙ্গে যোগ দেবেন স্থানীয় ফিনল্যান্ডের দুজন সিঙ্গেল ব্যক্তি। এই ভ্রমণের অন্যতম আকর্ষণ হবে বিশেষ গ্রুপ ডিনার ডেট। সেখানে অংশগ্রহণকারীরা একসঙ্গে রাতের খাবার খাবেন। একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া ফিনল্যান্ডের প্রকৃতি, খাদ্যসংস্কৃতি ও স্থানীয় জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাবেন তারা।

কারা আবেদন করতে পারবেন?

এই বিশেষ ভ্রমণে আবেদন করার জন্য কয়েকটি শর্ত আছে। যেমন-

• আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে।

• অবিবাহিত বা সিঙ্গেল হতে হবে।

• ফিনল্যান্ডের বাসিন্দা হওয়া যাবে না।

• বিশ্বের যে কোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।

• আবেদন ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে হবে।

অর্থাৎ, বাংলাদেশি সিঙ্গেল নারী ও পুরুষেরাও এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন

আবেদন করতে আগ্রহীদের ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো, একটি ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?

ভিডিওটি তৈরি করার পর ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো কোনো পাবলিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। পোস্টের সঙ্গে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ভিজিট ফিনল্যান্ড-এর অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে।

এরপর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে নিজের ভিডিওর লিংক যুক্ত করতে হবে। ইনস্টাগ্রাম ও টিকটক- এ ভিডিও পোস্ট করলে অ্যাকাউন্টটি পাবলিক রাখতে হবে, যাতে আয়োজকেরা ভিডিওটি দেখতে পারেন।

আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬, ফিনল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্বাচিত অংশগ্রহণকারীদের নাম ১ ডিসেম্বরে ‘ভিজিট ফিনল্যান্ড’-এর ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা করা হবে।