ডিম, দুধ আর চিনি দিয়েই তৈরি করুন মজাদার ক্যারামেল পুডিং

ডেজার্টপ্রেমীদের কাছে ক্যারামেল পুডিং একটি জনপ্রিয় ও আকর্ষণীয় নাম। বর্তমান সময়ে ঘরে তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। নরম, তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাওয়া এক টুকরো পুডিং ছোট-বড় সবারই ভীষণ প্রিয়। দেখতে যতটা আকর্ষণীয়, তৈরি করাটাও ততটাই শৈল্পিক। বিশেষ করে বিভিন্ন উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নেও ডেজার্ট হিসেবে ক্যারামেল পুডিং বেশ জনপ্রিয়। অল্প কিছু উপকরণ ও সহজ পদ্ধতি অনুসরণ করে ঘরেই তৈরি করা যায় এই মজাদার স্বাদের পুডিং।
পুডিংয়ের ইতিহাস বহু শতাব্দী পুরোনো। ইউরোপে বিভিন্ন ধরনের পুডিং তৈরি হলেও বর্তমানে পরিচিত ক্যারামেল পুডিং বা ক্যারামেল কাস্টার্ডের উৎপত্তি মূলত ইউরোপের রান্নাঘরেই। পরে এটি লাতিন আমেরিকা, এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও এটি দীর্ঘদিন ধরে ঘরোয়া রান্নার একটি জনপ্রিয় ডেজার্ট। অল্প কয়েকটি উপকরণেই সহজে তৈরি করা যায় বলে এটি অনেকেরই প্রিয়।
চলুন জেনে নেওয়া যাক, ক্যারামেল পুডিংয়ের খুব সহজ রেসিপি।
ক্যারামেল এর জন্য উপকরণ
- চিনি- আধা কাপ
- পানি – ২ টেবিল চামচ
পুডিং এর জন্য উপকরণ
- তরল দুধ: ১ লিটার (ঘন করে অর্ধেক করে নিতে হবে)
- ডিম: ৪টি (হাঁসের বা বড় ফার্মের মুরগির ডিম)
- চিনি: স্বাদমতো
- ভ্যানিলা এসেন্স: ১ চা চামচ
- ঘি বা মাখন: সামান্য (বাটির নিচে লাগানোর জন্য)
প্রস্তুত প্রণালি
ক্যারামেল
প্রথমে একটি প্যানে চিনি ও পানি একসঙ্গে জ্বাল দিয়ে সোনালি-বাদামি রঙের ক্যারামেল তৈরি করতে হবে। এরপর সেটি দ্রুত পুডিংয়ের ছাঁচে ঢেলে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এটিকে ঠান্ডা করে নিতে হবে।
পুডিং
- একটি পাত্রে ডিম হালকাভাবে ফেটিয়ে তাতে দুধ, চিনি ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে হবে।
- তারপর মিশ্রণটি ছেঁকে নিতে হবে।
- ক্যারামেল ছাঁচে সামান্য ঘি বা মাখন ব্রাশ করে নিতে হবে।
- ক্যারামেল দেওয়া ছাঁচে মিশ্রণটি ঢেলে ঢাকনা বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে।
- একটি বড় পাত্রে পানি দিয়ে স্টিমে ৪০ থেকে ৪৫ মিনিট রান্না করতে হবে। ওভেনে তৈরি করতে চাইলে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একই সময় বেক করা যাবে।
- রান্না শেষে পুডিং ঠান্ডা করে ৩ থেকে ৪ ঘণ্টা ফ্রিজে রাখলে এটি আরও সুস্বাদু ও মোলায়েম হয়।
- এরপর ছুরির সাহায্যে চারপাশ আলগা করে একটি সার্ভিং প্লেটে উল্টে পরিবেশন করতে হবে।
কিছু টিপস্
৩০ মিনিট পর পুডিংয়ের মাঝে একটি টুথপিক বা কাঠি ঢুকিয়ে দেখতে পারেন; কাঠিটি পরিষ্কারভাবে বের হয় কিনা তাহলে পুডিংটি হয়ে গেছে।
পুডিং চুলা থেকে নামিয়ে সরাসরি ফ্রিজে রাখবেন না। সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে, তারপর অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এতে পুডিং সেট হয়ে যায় এবং কাটার সময় ভেঙে যায় না।
ডিমের গন্ধ পছন্দ না হলে ভ্যানিলা এসেন্স বা সামান্য এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন।
কখনো শৈশবের স্মৃতি, কখনো পরিবারের একসঙ্গে কাটানো মুহূর্ত এক টুকরো ক্যারামেল পুডিং যেন ফিরিয়ে আনে অসংখ্য মধুর অনুভূতি। তাই শুধু এটি একটি ডেজার্ট নয়, অনেকের কাছে এটি ভালোবাসা, যত্ন আর আপনজনের উষ্ণতারও প্রতীক। স্বাদের এই মিষ্টি গল্প চলুক প্রজন্ম থেকে প্রজন্মে।
.png)





