কী থাকছে এ বছরের পহেলা বৈশাখের ফ্যাশন ট্রেন্ডে

পহেলা বৈশাখ মানেই নতুন শুরুর আনন্দ, রঙিন উদযাপন আর বাঙালির নিজস্ব সংস্কৃতির প্রকাশ। এই দিনে পোশাক শুধু সাজগোজ নয়, বরং নিজের শেকড়ের সঙ্গে সংযোগের একটি মাধ্যম। সময়ের সঙ্গে ফ্যাশন বদলায়, কিন্তু বৈশাখের মূল ভাব একই থাকে।
২০২৬ সালে সেই চেনা লাল-সাদার পাশাপাশি যোগ হয়েছে নতুন রং, আরামদায়ক কাপড় এবং সিম্পল কিন্তু এলিগ্যান্ট ডিজাইন। তাই এবার বৈশাখের সাজে থাকছে ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর মেলবন্ধন।
বৈশাখে নারীদের শাড়ি
এবারের বৈশাখে শাড়ির ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্ব পাচ্ছে আরাম। কটন, হ্যান্ডলুম, হালকা মসলিন এবং জামদানি অনুপ্রাণিত শাড়ি বেশি দেখা যাচ্ছে এ বছরের ফ্যাশন ট্রেন্ডে। এই ধরনের শাড়ি সকালে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে সারাদিনের নানা আয়োজনেও স্বাচ্ছন্দ্যে পরা যায়।
রঙের দিক থেকে লাল-সাদা এখনো জনপ্রিয়, তবে তার সঙ্গে যুক্ত হয়েছে প্যাস্টেল, পিচ, কোরাল, ল্যাভেন্ডার, ক্রিম এবং মাটির কাছাকাছি টোন। এতে লুক হয়ে উঠছে আরও নরম এবং চোখে আরামদায়ক।
নকশাতেও এসেছে বৈচিত্র্য। ফুলেল ডিজাইন, হালকা এম্ব্রয়ডারি, ব্লক প্রিন্ট কিংবা অ্যাপ্লিক কাজ এখন বেশ ট্রেন্ডে। ব্লাউজের ক্ষেত্রে একরঙা বা সিম্পল ডিজাইন বেশি মানানসই। যারা কম সাজ পছন্দ করেন, তারা হালকা প্রিন্টের শাড়ির সঙ্গে ছোট গয়না পরেই খুব সুন্দর একটি লুক তৈরি করতে পারবেন।
পুরুষদের বৈশাখী পোশাক
পুরুষদের জন্য পাঞ্জাবি এখনো বৈশাখের প্রধান পোশাক। সাদা বা লাল পাঞ্জাবির পাশাপাশি এবার প্যাস্টেল, অফ হোয়াইট, আইভরি, কোরাল এবং মাটির রঙের ব্যবহার বেড়েছে বৈশাখী ট্রেন্ডে।
ডিজাইনে থাকছে হালকা এম্ব্রয়ডারি বা প্রিন্টের কাজ। প্ল্যাকেট বা হাতার কাফে ছোটখাটো ডিজাইন এখন বেশ জনপ্রিয় এবার। যারা একটু গুছানো লুক চান, তারা সেমি-ফরমাল পাঞ্জাবি বা শর্ট কুর্তা বেছে নিতে পারেন সহজেই।
গরমের কথা মাথায় রেখে কটন, ভিসকোস বা কটন ব্লেন্ড কাপড়ই সবচেয়ে ভালো পছন্দ।
এবারের ফ্যাশন ট্রেন্ড
মেয়েদের জন্য তিন ধরনের স্টাইল বেশি দেখা যাচ্ছে। প্রথমত, সুতি শাড়ি যা সারাদিন আরাম দেয়। দ্বিতীয়ত, কুর্তি, কামিজ, টিউনিক বা কো-অর্ড সেটের মতো সহজ পোশাক এবং তৃতীয়ত, সিম্পল এবং ন্যাচারাল লুক যেখানে কম সাজেই সৌন্দর্য ফুটে ওঠে।
চুলের স্টাইলেও থাকছে সহজ ভাব। খোলা চুল, বেনী বা খোঁপা সবই চলছে। চুলে তাজা ফুল বা ফ্লোরাল ক্লিপ ব্যবহার করলে লুক আরও সুন্দর লাগে।
ছেলেদের সাজও এখন বেশ সিম্পল। হালকা রঙের পাঞ্জাবি, পরিপাটি চুল আর ট্রিম করা দাড়িই যথেষ্ট। বেশি কিছু না করেও একটি পরিষ্কার ও স্মার্ট লুক তৈরি করা যায়।
সাজ আর অ্যাক্সেসরিজ
এবারের বৈশাখে সাজের মূল কথা হলো ভারসাম্য রাখা। পোশাক যদি বেশি রঙিন হয়, তাহলে মেকআপ এবং গয়না হালকা রাখাই ভালো। আর পোশাক যদি সিম্পল হয়, তাহলে উজ্জ্বল লিপস্টিক বা কনট্রাস্ট গয়না দিয়ে লুককে একটু হাইলাইট করা যায়।
সব মিলিয়ে, ২০২৬ সালের বৈশাখ ফ্যাশন আরাম, স্বাভাবিকতা আর ব্যক্তিগত স্টাইলকে গুরুত্ব দিচ্ছে। খুব বেশি জটিল কিছু নয়, বরং সহজভাবে নিজেকে সুন্দরভাবে তুলে ধরাই এই বছরের মূল ট্রেন্ড।
সূত্র : লে রেভ (Le Reve)


