logo

পাতিলেবু নাকি গন্ধরাজ লেবু, কোনটিতে ভিটামিন সি বেশি

পাতিলেবু নাকি গন্ধরাজ লেবু, কোনটিতে ভিটামিন সি বেশি
পাতিলেবু নাকি গন্ধরাজ লেবু, কোনটিতে ভিটামিন সি বেশি। ছবি: টিভি ৯ বাংলা

দুপুরের গরম গরম ডাল-ভাত হোক কিংবা শেষপাতের পাতলা মাছের ঝোল- পাশে এক টুকরো লেবু না থাকলে বাঙালির খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যায়। আর গরমের দিনে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিমেষেই প্রাণ জুড়িয়ে দেয়। আমাদের শরীরকে চাঙ্গা রাখতে, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-র গুরুত্ব অনেক বেশি। আর ভিটামিন সি বলতেই সবার আগে আসে লেবুর নাম।

কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে পাতিলেবু আর গন্ধরাজ লেবুর মধ্যে পুষ্টিগুণে কে এগিয়ে? কার মধ্যে ভিটামিন সি-র পরিমাণ সবচেয়ে বেশি- চলুন জেনে নিই পুষ্টিবিদরা কী বলছেন।

পাতিলেবু নাকি গন্ধরাজ: কার গুণ কতটুকু?

সাইট্রাস জাতীয় সব ফলেই প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। তবে এই দুই লেবুর গঠন ও উপাদানে রয়েছে কিছু সূক্ষ্ম তফাত।

পাতিলেবু

ছবি: আজতাক বাংলা
ছবি: আজতাক বাংলা

সাইজে ছোট হলেও গুণের দিক থেকে পাতিলেবু বেশ এগিয়ে। পাতিলেবুর রসে ভিটামিন সি-র ঘনত্ব তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে, যা শরীরে ভিটামিন সি-র ঘাটতি খুব দ্রুত পূরণ করতে সাহায্য করে। প্রতিদিন পাতিলেবুর রস খেলে হজমশক্তি তো বাড়েই, সঙ্গে ত্বক হয়ে ওঠে ভেতর থেকে উজ্জ্বল ও সতেজ।

গন্ধরাজ লেবু

ছবি: আনন্দবাজার
ছবি: আনন্দবাজার

গন্ধরাজ লেবুর মূল আকর্ষণ লুকিয়ে আছে তার নামের মধ্যেই। এর সুগন্ধের জন্যই সবার কাছে এত পছন্দের। এতে ভিটামিন সি-র পাশাপাশি প্রচুর পরিমাণে এসেনশিয়াল অয়েল এবং প্রাকৃতিক সুগন্ধি যৌগ থাকে। পাতিলেবুর চেয়ে এতে সাইট্রিক অ্যাসিড সামান্য কম হলেও, ভিটামিন সি আর অ্যান্টি-অক্সিড্যান্টের দিক থেকে এটি কিন্তু মোটেও পিছিয়ে নেই। মন ভালো করার পাশাপাশি শরীরের ভেতরের ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে গন্ধরাজ লেবু বেশ কার্যকরী।

ভিটামিন সি কোনটিতে বেশি

রস এবং ঘনত্বের দিক থেকে হিসাব করলে প্রতি ১০০ গ্রাম লেবুর রসের মধ্যে পাতিলেবুতেই ভিটামিন সি-র পরিমাণ সামান্য বেশি পাওয়া যায়। তাহলে কি গন্ধরাজ লেবুতে কম? একদমই না! পুষ্টিবিদদের মতে, আমাদের শরীরে প্রতিদিন যেটুকু ভিটামিন সি-র প্রয়োজন হয়, তা পাতিলেবু হোক বা গন্ধরাজ লেবু- যেকোনো একটা খেলেই অনায়াসে পূরণ হয়ে যায়।

কীভাবে খাবেন?

ছবি: অর্গানিক প্লাস
ছবি: অর্গানিক প্লাস

পাতিলেবু খান কিংবা গন্ধরাজ লেবু দুটোই আপনার শরীরের ভিটামিন সি এর চাহিদা মেটাবে। আপনি কীভাবে লেবু খাবেন তা আপনার ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করবে। সকালে হালকা গরম পানিতে পাতিলেবুর রস ও সামান্য মধু মিশিয়ে খেতে পারেন।

চাইলে ডাল বা সালাদের ওপর এক টুকরো গন্ধরাজ লেবু চিপে দিতে পারেন, এর রিফ্রেশিং সুবাসে পেট ও মন দুই-ই ভরে যাবে।

পাতিলেবু বা গন্ধরাজ লেবু- কোনোটিকে বাদ দেওয়ার দরকার নেই। দুটোই আপনার শরীরের জন্য ভীষণ উপকারী। তাই স্বাদ আর পছন্দ অনুযায়ী দুটোই আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন।

সূত্র: টিভি ৯ বাংলা