মৌমাছি বা বোলতার হুল ফুটলে কী করবেন

বর্ষাকাল বা গরমের সময় বাগান, মাঠ কিংবা খোলা জায়গায় গেলে মৌমাছি বা বোলতার হুলের শিকার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। হুল ফোটানোর সঙ্গে সঙ্গেই তীব্র ব্যথা, জ্বালাপোড়া ও ফোলাভাব দেখা দিতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এসব সমস্যা কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে কমে যায়। তবে কারও কারও ক্ষেত্রে তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে, যা দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়।
তাই মৌমাছি বা বোলতা কামড়ালে আতঙ্কিত না হয়ে সঠিক প্রাথমিক চিকিৎসা জানা জরুরি।
মৌমাছি ও বোলতার হুলে কী হয়?
মৌমাছি ও বোলতা হুল ফোটানোর সময় শরীরে বিষ প্রবেশ করায়। এই বিষের কারণে আক্রান্ত স্থানে ব্যথা, লালচে ভাব, ফোলাভাব ও চুলকানি হতে পারে। সাধারণত এসব উপসর্গ অল্প সময়ের মধ্যেই কমে আসে। তবে কারও শরীরে বিষের প্রতি অ্যালার্জি থাকলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে।
মৌমাছি বা বোলতা কামড়ালে যা করবেন
মৌমাছির হুল ত্বকের মধ্যে থেকে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব হুলটি বের করে ফেলতে হবে। নখ, শক্ত কাগজ বা কোনো ভোঁতা জিনিস দিয়ে আলতোভাবে ঘষে হুল সরিয়ে ফেলাই ভালো। চিমটা দিয়ে টেনে বের করার চেষ্টা না করাই ভালো, কারণ এতে আরও বেশি বিষ শরীরে প্রবেশ করতে পারে।
বোলতা সাধারণত হুল রেখে যায় না, তবে একাধিকবার হুল ফোটাতে পারে। তাই প্রথমেই নিরাপদ স্থানে চলে যান, যাতে আবার হুল ফোটানোর ঝুঁকি না থাকে। এরপর আক্রান্ত স্থান সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
হুল থাকলে দ্রুত সরিয়ে ফেলুন: মৌমাছি হুল ফোটানোর পর অনেক সময় হুলটি ত্বকে আটকে থাকে। যত দ্রুত সম্ভব একটি শক্ত কার্ড বা নখের সাহায্যে পাশ থেকে আলতো করে ঠেলে হুলটি বের করে দিন। চিমটি দিয়ে চেপে ধরবেন না, এতে শরীরে আরও বিষ প্রবেশ করতে পারে। বোলতা সাধারণত হুল রেখে যায় না।
আক্রান্ত স্থান সাবান ও পানি দিয়ে পরিষ্কার করুন: হুল সরানোর পর জায়গাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। এতে সংক্রমণের ঝুঁকি কমে।
ঠান্ডা সেঁক দিন: ব্যথা, ফোলাভাব ও জ্বালাপোড়া কমাতে ১০ থেকে ১৫ মিনিট বরফ বা ঠান্ডা সেঁক দিন। বরফ সরাসরি ত্বকে না লাগিয়ে কাপড়ে মুড়ে ব্যবহার করুন।
চুলকানো এড়িয়ে চলুন আক্রান্ত স্থান চুলকাবেন না। এতে ত্বকের ক্ষতি ও সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
প্রয়োজনে ওষুধ সেবন করুন: চুলকানি বা অ্যালার্জি বেশি হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন খাওয়া যেতে পারে। ব্যথা বা জ্বর থাকলে প্যারাসিটামল সেবন করা যেতে পারে। সংক্রমণের লক্ষণ না থাকলে অ্যান্টিবায়োটিক সাধারণত প্রয়োজন হয় না।
পর্যবেক্ষণে থাকুন: হুল ফোটার জায়গায় কিছুটা ব্যথা, লালচে ভাব ও ফোলাভাব স্বাভাবিক। তবে লক্ষণ বাড়তে থাকলে সতর্ক হতে হবে।
ব্যথা ও ফোলাভাব কমানোর উপায়
হুল ফোটানোর পর আক্রান্ত স্থানে ১০ থেকে ২০ মিনিট ঠান্ডা সেঁক দিন। এতে ব্যথা ও ফোলাভাব কমতে সাহায্য করে। আক্রান্ত স্থান হাত বা পায়ে হলে সেটি কিছুটা উঁচু করে রাখলে আরাম মিলতে পারে।
চুলকানি বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালামাইন লোশন, হাইড্রোকর্টিসন ক্রিম বা অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করা যেতে পারে। তীব্র ব্যথা হলে প্রয়োজন অনুযায়ী ব্যথানাশক ওষুধও দেওয়া হতে পারে।
যেসব ভুল করবেন না
- আক্রান্ত স্থান বারবার চুলকাবেন না।
- অপরিষ্কার হাত দিয়ে ক্ষত স্পর্শ করবেন না।
- হুল থাকলে সেটি দীর্ঘ সময় ত্বকে ফেলে রাখবেন না।
- ব্যথা কমানোর জন্য অজানা বা বৈজ্ঞানিক ভিত্তিহীন ঘরোয়া উপায় ব্যবহার করা থেকে বিরত থাকুন।
কখন দ্রুত হাসপাতালে যাবেন
নিচের যেকোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।
- শ্বাস নিতে কষ্ট হওয়া
- মুখ, ঠোঁট, জিহ্বা বা গলা ফুলে যাওয়া
- সারা শরীরে চাকা চাকা ফুসকুড়ি ওঠা
- মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
- বমি, বমি বমি ভাব বা তীব্র দুর্বলতা
- একসঙ্গে অনেকগুলো হুল ফোটানো, বিশেষ করে শিশু বা বয়স্কদের ক্ষেত্রে
এসব লক্ষণ অ্যানাফাইল্যাক্সিস নামের গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়ার ইঙ্গিত হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে এটি জীবনহানির কারণও হতে পারে।
কীভাবে সতর্ক থাকবেন
- ফুলের বাগান বা মৌচাকের কাছে সতর্ক থাকুন।
- বাইরে মিষ্টি খাবার বা পানীয় খাওয়ার সময় খেয়াল রাখুন।
- উজ্জ্বল সুগন্ধি ব্যবহার করলে মৌমাছি বা বোলতা আকৃষ্ট হতে পারে, তাই প্রয়োজনে এড়িয়ে চলুন।
- বাগান বা ঝোপঝাড়ে কাজ করার সময় পুরো হাত-পা ঢাকা পোশাক পরুন।
মৌমাছি বা বোলতার হুলে অধিকাংশ ক্ষেত্রেই বড় কোনো সমস্যা হয় না এবং প্রাথমিক চিকিৎসাতেই উপসর্গ কমে যায়। তবে অ্যালার্জির লক্ষণ দেখা দিলে বা একাধিক হুল ফোটালে বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। সঠিক সময়ে চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।
সূত্র: মেডিকেল নিউজ টুডে
.png)






