২০২৬ সালের সেরা শব্দ ‘মগিং’, এর অর্থ কী?

প্রতি বছরই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন শব্দ জায়গা করে নেয় । বিশেষ করে জেন-জি ও জেন-আলফা প্রজন্মের হাত ধরে জনপ্রিয় হচ্ছে নানা ধরনের ইন্টারনেট স্ল্যাং। এমনই একটি শব্দ ‘মগিং’। ২০২৬ সালের ওয়ার্ড অব দ্য ইয়ার বা বর্ষসেরা শব্দ হিসেবে এটিকে নির্বাচন করেছে কলিন্স ইংলিশ ডিকশনারি।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলিন্স জানায়, ‘রিজ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় শব্দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বর্ষসেরা শব্দের খেতাব জিতেছে ‘মগিং’।
কলিন্স ডিকশনারির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে শব্দটির ব্যবহার বেড়েছে ২১০ শতাংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি তরুণদের দৈনন্দিন কথাবার্তায়ও জায়গা করে নিয়েছে এটি।
মগিং শব্দের অর্থ কী?
‘মগিং’ বলতে কাউকে সৌন্দর্য, পোশাক, আত্মবিশ্বাস বা দক্ষতার দিক থেকে ছাড়িয়ে যাওয়াকে বোঝায়। অর্থাৎ, একজন ব্যক্তি যখন অন্য কারও তুলনায় বেশি আকর্ষণীয় হিসেবে নজর কাড়েন, তখন সেই পরিস্থিতিকে মগিং বলা হয়। যেমন- কোনো অনুষ্ঠানে একজনের পোশাক বা ব্যক্তিত্ব যদি বাকিদের তুলনায় বেশি নজর কাড়ে, তাহলে মজার ছলে বলা যেতে পারে, তিনি সবাইকে মগিং করছেন।
তরুণদের মধ্যে শব্দটি অনেক সময় হাস্যরস বা ঠাট্টার ছলেও ব্যবহার করা হয়।
মগিং শব্দটি কোথা থেকে এলো?
কলিন্স ডিকশনারির ভাষ্য অনুযায়ী, মগিং শব্দটির উৎপত্তি ‘AMOG’ থেকে। এর পূর্ণরূপ Alpha Male of the Group, অর্থাৎ কোনো দলের সবচেয়ে প্রভাবশালী পুরুষ।
২০১৬ সালের দিকে, বডিবিল্ডিং বা শরীরচর্চার জগতে শব্দটির ব্যবহার শুরু হয়। তখন জিমে সবচেয়ে শক্তিশালী বা শারীরিকভাবে প্রভাবশালী পুরুষকে বোঝাতে এটি ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে অনলাইনে শব্দটি ছড়িয়ে পড়ে।
কেন জনপ্রিয় হলো শব্দটি?
সামাজিক যোগাযোগমাধ্যমে জেন-জি ও জেন-আলফা প্রজন্মের মধ্যে নতুন নতুন স্ল্যাং ব্যবহারের প্রবণতা বাড়ছে। মগিং শব্দটিও সেই ধারায় জনপ্রিয়তা পেয়েছে। শুরুতে শব্দটি মূলত চেহারা ও শারীরিক গঠনের তুলনায় ব্যবহৃত হতো। তবে বর্তমানে যে কোনো ক্ষেত্রে কাউকে ছাড়িয়ে যাওয়ার অর্থে ব্যবহার করা হচ্ছে।
কলিন্স ডিকশনারির ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বিক্রফটের মতে, নতুন প্রজন্ম কীভাবে ভাষার পরিবর্তন ঘটাচ্ছে, মগিং তারই একটি উদাহরণ।
আলোচনায় ছিল আরও যেসব শব্দ
২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচনের তালিকায় মগিং ছাড়াও কয়েকটি শব্দ জায়গা পেয়েছিল। এর মধ্যে আছে-
Ghost Job: নিয়োগ দেওয়ার পরিকল্পনা না থাকলেও কোনো প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা।
Carspreading: গাড়ি নির্মাতাদের ক্রমশ বড় ও ভারী গাড়ি তৈরির প্রবণতা।
Fricy: ফলের মিষ্টি স্বাদ ও ঝাল স্বাদের সমন্বয়ে তৈরি খাবার বা পানীয়।
Friendslop: বন্ধুদের সঙ্গে খেলার উপযোগী স্বল্প বাজেটে তৈরি ভিডিও গেম।
P(doom): কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানবসভ্যতা ধ্বংস হওয়ার সম্ভাবনা বোঝাতে এটি ব্যবহৃত হয়।
অন্যদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপের সময় ‘হাইড্রেশন ব্রেক’ শব্দবন্ধটি বিশ্বজুড়ে পরিচিতি পায়। ফুটবল ম্যাচের মধ্যে খেলোয়াড়দের পানি পান করার জন্য বিরতি দেওয়া হতো।
তবে মগিংয়ের বর্ষসেরা শব্দ হয়ে ওঠা প্রমাণ করে, সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ প্রজন্মের ভাষার জগতে কতটা প্রভাব ফেলছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
