সহজেই বানিয়ে নিন চিলি চিকেন উইংস

ঝাল, মচমচে আর রসালো- এই তিন স্বাদের দারুণ সমন্বয়েই চিলি চিকেন উইংস বিশ্বজুড়ে জনপ্রিয় একটি স্ন্যাকস। বন্ধুদের আড্ডা, সপ্তাহের শেষে পারিবারিক যে কোন আয়োজন কিংবা বিশেষ দিনের খাবারের তালিকায় এই স্ন্যাকস সহজেই জায়গা করে নেয়। অনেকেই মনে করেন, রেস্তোরাঁর মতো চিলি চিকেন উইংস ঘরে তৈরি করা বেশ কঠিন।
কিন্তু সঠিক উপকরণ, পরিমিত মসলা এবং কয়েকটি সহজ কৌশল জানলেই খুব সহজে তৈরি করা যায় এই জনপ্রিয় স্ন্যাকস। তাই পরিবারের সদস্য বা অতিথিদের জন্য ভিন্ন স্বাদের কিছু রান্না করতে চাইলে আজই তৈরি করে দেখতে পারেন রেস্তোরাঁর স্বাদের ঝাল-ঝাল চিলি চিকেন উইংস।
চিলি চিকেন উইংস বানাতে যা যা উপকরণ লাগবে
চিকেন উইংস: আধা কেজি
কর্নফ্লাওয়ার: ৩ টেবিল চামচ
আদা ও রসুন বাটা: ১ টেবিল চামচ
সয়া সস: ২ টেবিল চামচ
টমেটো কেচাপ: ২ টেবিল চামচ
চিলি সস: ২ টেবিল চামচ
মধু বা চিনি: ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ
ডিম: ১টি
লবণ: স্বাদমতো
তেল: ভাজার জন্য
সসের জন্য
রসুন কুচি: ১ টেবিল চামচ
শুকনা লাল মরিচ বা চিলি ফ্লেক্স: ১ চা চামচ
সয়া সস: ২ টেবিল চামচ
টমেটো কেচাপ: ২ টেবিল চামচ
চিলি সস: ২ টেবিল চামচ
মধু বা চিনি: ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ
তেল: ১ টেবিল চামচ
বানাবেন যেভাবে
চিকেন উইংস: প্রথমে চিকেন উইংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন বা মুছে নিন। এরপর আদা-রসুন বাটা, সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস, গোলমরিচ গুঁড়ো, মধু বা চিনি, লবণ, কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখতে হবে। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে উইংসগুলো সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
সস: অন্য একটি প্যানে অল্প তেল গরম করে রসুন কুচি হালকা ভেজে নিতে হবে। এরপর চিলি সস, টমেটো কেচাপ, সয়া সস, চিলি ফ্লেক্স, মধু বা চিনি, সামান্য গোলমরিচ, সামান্য লবণ দিয়ে নাড়তে থাকুন। সস একটু ঘন হয়ে এলে ভাজা চিকেন উইংস দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট রান্না করতে হবে।
পরিবেশন: গরম গরম চিলি চিকেন উইংস পেঁয়াজকলি কুচি বা পেঁয়াজের রিং ছিটিয়ে পরিবেশন করতে পারেন। সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, কোলস্লো, গার্লিক ব্রেড কিংবা ঠান্ডা কোনো কোমল পানীয় থাকলে খাবারের স্বাদ আরও বেড়ে যাবে।
কিছু টিপস
- উইংস অন্তত ৩০ মিনিট মেরিনেট করলে মাংসের ভেতর পর্যন্ত মসলা পৌঁছে যায়।
- আরও মচমচে করতে চাইলে কর্নফ্লাওয়ারের পরিমাণ সামান্য বাড়ানো যেতে পারে।
- ঝাল কম বা বেশি পছন্দ অনুযায়ী চিলি সস ও চিলি ফ্লেক্সের পরিমাণ সমন্বয় করতে পারেন।
- সসে উইংস বেশি সময় না রাখাই ভালো তাহলে বাইরের মচমচে ভাব বজায় থাকে।
কচকচে আবরণ আর ভেতরে নরম, রসালো মাংসের সঙ্গে ঝাল- মিষ্টি সসের ভারসাম্যই এই খাবারের আসল আকর্ষণ। তাই বিশেষ কোনো উপলক্ষ কিংবা পরিবারের জন্য ভিন্ন স্বাদের কিছু রান্না করতে চাইলে চিলি চিকেন উইংস হতে পারে দারুণ একটি পছন্দ।
পরিবারের আড্ডা, অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাশতায় এই স্ন্যাকসটি হতে পারে সবার পছন্দের একটি খাবার। সহজ প্রস্তুতি ও অসাধারণ স্বাদের কারণে ঘরোয়া রান্নার তালিকায় যোগ করতে পারেন এই জনপ্রিয় রেস্তোরাঁ স্টাইলের চিলি চিকেন উইংস।
.png)
