logo

ভালোবাসা দিবসে গোলাপই কেন সবচেয়ে জনপ্রিয় ফুল

ভালোবাসা দিবসে গোলাপই কেন সবচেয়ে জনপ্রিয় ফুল

উপহার বলতে যে কয়েকটি জিনিস সবার আগে মনে আসে, তার মধ্যে গোলাপ অন্যতম। বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে এলেই সুপারশপ, ফুলের দোকান এমনকি রাস্তার পাশে ছোটখাটো দোকানেও লাল গোলাপের তোড়া চোখে পড়ে। 

এই দৃশ্য কোনো কাকতালীয় বিষয় নয়। ভালোবাসার এই দিনে গোলাপের জনপ্রিয়তার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি ও প্রতীকের গল্প।

লাল গোলাপকে সাধারণত রোমান্টিক ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। তবে গোলাপ শুধু প্রেমিক-প্রেমিকার জন্য, বিষয়টি এমন নয়। ভিন্ন ভিন্ন রঙের গোলাপ ভিন্ন অনুভূতির বার্তা দেয়। তাই বন্ধু, পরিবার বা প্রিয় যে কাউকে ভালোবাসা ও আন্তরিকতা জানাতেও গোলাপ হতে পারে উপযুক্ত উপহার।

ভালোবাসা দিবসে গোলাপ দেওয়ার প্রচলন যেভাবে শুরু

পৌরাণিক কাহিনির প্রভাব
গোলাপ ও ভালোবাসার সম্পর্কের সূত্র খুঁজতে গেলে যেতে হয় প্রাচীন গ্রিক পুরাণে। কথিত আছে, প্রেম ও সৌন্দর্যের দেবী আফ্রোদিতির সঙ্গে গোলাপের গভীর সম্পর্ক ছিল। একটি কাহিনিতে বলা হয়, সাদা গোলাপের কাঁটায় দেবীর গায়ে আঁচড় লাগে, আর সেই রক্তে সাদা গোলাপ লাল হয়ে যায়। অন্য একটি গল্পে বলা হয়, অ্যাফ্রোডাইটির প্রেমিক আদোনিসের মৃত্যুর স্থানে দেবীর অশ্রু ঝরে পড়ে, সেখানেই প্রথম লাল গোলাপ জন্ম নেয়।

এইসব কাহিনি গোলাপকে প্রেম, বেদনা ও গভীর আবেগের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে।

ঐতিহাসিক প্রেক্ষাপট
ভালোবাসা দিবস জনপ্রিয় হওয়ার অনেক আগ থেকেই মানুষ ভালোবাসার চিহ্ন হিসেবে গোলাপ আদান-প্রদান করত। ইউরোপে ১৪ ও ১৫ শতকে অভিজাত সমাজে রোমান্টিক প্রেমের ধারণা জনপ্রিয় হতে শুরু করে। পরে ১৮ শতকে ইংল্যান্ডে ভালোবাসা দিবস সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। তখন ছোটখাটো উপহার দিয়ে ভালোবাসা প্রকাশের রীতি গড়ে ওঠে।

১৯ শতকে এসে ফুলের ভাষা বা নির্দিষ্ট ফুলের নির্দিষ্ট অর্থ নির্ধারণের ধারণা জনপ্রিয় হয়। এই সময় গোলাপ ধীরে ধীরে রোমান্টিক ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রতীকে পরিণত হয়। এরপর থেকে ভ্যালেন্টাইনস ডেতে গোলাপ দেওয়ার প্রথা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।

আরেকটি বাস্তব কারণও রয়েছে। গোলাপ শুধু সুন্দর ও সুগন্ধি নয়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরিবহন করলেও তুলনামূলক ভালো থাকে। তাই বিশ্বজুড়ে বাণিজ্যিকভাবে এটি সহজে সরবরাহ করা যায়।

কোন গোলাপ সবচেয়ে উপযুক্ত

ভ্যালেন্টাইনস ডেতে সবচেয়ে প্রচলিত পছন্দ লাল গোলাপ। কারণ লাল রঙ আবেগ, উষ্ণতা ও গভীর প্রেমের প্রতীক। বিশেষজ্ঞদের মতে, সামুরাই গোলাপ (Samourai rose) জাতের গোলাপ ভালোবাসা দিবসের জন্য বিশেষভাবে জনপ্রিয়। এর গাঢ় লাল রঙ, মখমলি পাপড়ি ও বড় আকারের ফুল তোড়ায় আলাদা আভিজাত্য এনে দেয়। অনেক ক্ষেত্রে এই জাতের গোলাপে কাঁটা কম থাকে, যা উপহার হিসেবে আরও সুবিধাজনক।

তবে সবার পছন্দ এক নয়। তরুণদের মধ্যে এখনো লাল গোলাপই সবচেয়ে বেশি জনপ্রিয়। পাশাপাশি হট পিংক বা মিশ্র রঙের তোড়াও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে।

অন্যদিকে, যদি বন্ধুত্ব উদযাপন করতে চান, তাহলে লাল নয়, হলুদ গোলাপ বেছে নেওয়াই ভালো। হলুদ গোলাপ বন্ধুত্ব, আনন্দ ও শুভেচ্ছার প্রতীক।

গোলাপের সংখ্যাতেও থাকে বিশেষ বার্তা

শুধু রঙ নয়, একটি তোড়ায় কতটি গোলাপ আছে, সেটিও আলাদা অর্থ বহন করে। প্রচলিত ধারণা অনুযায়ী সংখ্যার ভেদে বার্তাও বদলে যায়।

১টি গোলাপ
একটি গোলাপই অনেক কিছু বলে দিতে পারে। এটি সরল, আন্তরিক এবং বোঝায় তুমি আমার মনে আছো। নতুন সম্পর্কের সূচনায় এটি সুন্দর বার্তা বহন করে।

৩টি গোলাপ
তিনটি গোলাপের অর্থ সরাসরি আমি তোমাকে ভালোবাসি। এটি স্পষ্ট কিন্তু অতিরিক্ত আড়ম্বরপূর্ণ নয়।

৬টি গোলাপ
ছয়টি গোলাপ মানে আমি তোমাকে চাই এবং তোমাকে ছাড়া ভাবতে পারি না। এতে আকর্ষণ ও গভীর আগ্রহের ইঙ্গিত থাকে।

৯টি গোলাপ
নয়টি গোলাপ দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রতিশ্রুতি বোঝায়। এতে রয়েছে স্থায়ী ও দৃঢ় ভালোবাসার বার্তা।

১২টি গোলাপ
ডজনখানেক গোলাপ ভালোবাসা ও পূর্ণতার প্রতীক। এটি ভ্যালেন্টাইনস ডের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী উপহার হিসেবে বিবেচিত।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের বাজারে গোলাপের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে আগের রাত থেকেই ফুলের পাইকারি বাজারগুলো সরগরম হয়ে ওঠে। দাম কিছুটা বাড়লেও গোলাপের চাহিদা কমে না কখনই। কারণ এটি শুধু উপহার নয়, আবেগের প্রকাশ।

ভ্যালেন্টাইনস ডে ও গোলাপের সম্পর্ক শুধু বাণিজ্যিক নয়, এর পেছনে রয়েছে পুরাণ, ইতিহাস ও সংস্কৃতির দীর্ঘ যাত্রা। লাল গোলাপ হোক বা হলুদ, একটি ফুলের মাধ্যমেই বলা যায় মনের কথা। তাই ভালোবাসা প্রকাশের দিনে গোলাপ এখনো সবচেয়ে জনপ্রিয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এর আবেদন একটুও কমেনি।