বেদানার বীজ খেলে কী হতে পারে, জেনে নিন

আমরা অনেকেই বেদানা খেতে খুব পছন্দ করি। কিন্তু বেদানার বীজ চিবিয়ে খাব নাকি ফেলে দেব তা নিয়ে প্রায়ই দ্বিধায় থাকি। অনেকেই শক্ত বীজের ভয়ে এগুলো ফেলে দেন। কিন্তু পুষ্টিবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা।
আসলে বেদানার বীজ পুষ্টিতে ভরপুর একটি খাবার। সম্প্রতি পুষ্টিবিজ্ঞানীরা এর উপকারিতার নানা দিক তুলে ধরেছেন।
বেদানার বীজ কেন খাবেন?
বেদানার বীজ মোটেও ফেলে দেওয়ার মতো কিছু নয়। এতে রয়েছে:
• ফাইবার ও ম্যাগনেসিয়াম: যা আমাদের হজমশক্তি বাড়াতে আর শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
• ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এতে থাকা বিশেষ অ্যাসিড মস্তিষ্ক ও শরীরের প্রদাহ বা জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
• পলিআনস্যাচুরেটেড ফ্যাট: এটি হার্টের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
বেদানার বীজ খাওয়ার সময় যা মাথায় রাখবেন
বেদানার বীজ ভালো করে চিবিয়ে খাবেন, ভুলেও আস্ত গিলে ফেলবেন না। দাঁত দিয়ে খুব ভালো করে চিবিয়ে খেলেই এর ভেতরের পুষ্টি শরীর সঠিকভাবে গ্রহণ করতে পারে। গুণাগুণ অনেক হলেও একবারে খুব বেশি বীজ খেলে পেটে অস্বস্তি বা হজমের সমস্যা হতে পারে। তাই পরিমাণ মতো খাওয়াই বুদ্ধিমানের কাজ।
খাবারের স্বাদ বাড়াতে বেদানার বীজ পরিমাণমতো ব্যবহার করতে পারেন। সালাদ, টক দই কিংবা আইসক্রিমের ওপর ছড়িয়ে দিলে এটি খেতে বেশ মুচমুচে ও সুস্বাদু লাগে।
বাজারে কিনতে গেলে সুস্বাদু বেদানা চিনবেন যেভাবে

পাকা ও ভালো বেদানা চিনতে হলে গাঢ় লাল বা রুবি রঙের ফল বেছে নিন। হাত দিয়ে ধরে দেখুন- ফলের আকার অনুযায়ী এটি যেন বেশ কিছুটা ভারী মনে হয়। ভারী বেদানা মানেই তাতে রস বেশি।
কৃষি বিজ্ঞানীদের মতে, নিখুঁত গোল ফলের চেয়ে একটু চ্যাপ্টা বা কোণাকৃতির বেদানা সাধারণত বেশি মিষ্টি ও রসালো হয়।
সংরক্ষণের সহজ উপায়
আস্ত বেদানা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে প্রায় ১ মাস পর্যন্ত ভালো থাকে। আর সাধারণ ফ্রিজে এটি প্রায় ২ মাস সতেজ থাকে। এ ছাড়া একবার বেদানা ছাড়িয়ে নিলে বীজগুলো বাটিতে করে ডিপ ফ্রিজে জমিয়ে রাখতে পারেন, এভাবে প্রায় ১ বছর পর্যন্ত নিশ্চিত থাকা যায়। তবে কেটে রাখা সাধারণ বেদানা কয়েক দিনের মধ্যেই খেয়ে ফেলা ভালো।
কাপড়ে দাগ লাগানো ছাড়াই বেদানা কাটার ট্রিকস্
বেদানা কাটার সময় এর লাল রস কাপড়ে লাগলে সেই দাগ তোলা বেশ কঠিন হয়ে পড়ে। এটি এড়াতে একটি সহজ উপায় কাজে লাগাতে পারেন।

একটি বড় পাত্রে পানি নিয়ে তার ভেতরে বেদানার টুকরোগুলো ডুবিয়ে খোসা ছাড়িয়ে দানা আলাদা করুন। এতে রস গায়ে ছিটকে আসবে না। পানির নিচে পরিষ্কার দানাগুলো জমা হবে আর সাদা খোসার অংশগুলো ওপরে ভেসে উঠবে, যা সহজেই ফেলে দেওয়া যায়।
আজ থেকে বেদানার বীজ গিলবেন না ফেলে দেবেন,সেই কনফিউশনে না থেকে নিশ্চিন্তে পরিমিত পরিমাণে চিবিয়ে খেতে পারেন।
সোর্স: টিভি৯ বাংলা


