কেউ আপনাকে অপছন্দ করে কি না, বুঝবেন এই ৫ লক্ষণে

প্রতিদিন তো কত মানুষের সঙ্গে আমাদের চলাফেরা করতে হয়, অফিসের সহকর্মী, স্কুল-কলেজের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও বাড়ির লোকজনসহ আরও অনেকে। যাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত চলাফেরা করছি তারা আসলে আমাদেরকে কতটুকু পছন্দ করে বা আদৌ পছন্দ করে কি না, তা অনেক সময় তাদের আচরণে বোঝা যায় না।
অপছন্দ করলেও বেশির ভাগ মানুষই সামাজিকতার খাতিরে সরাসরি তা প্রকাশ করতে চান না। তবে আপনার আশেপাশের মানুষের আচরণ দেখে কখনো কখনো আপনি বুঝতে পারবেন, তিনি হয়তো আপনাকে পছন্দ করেন না। মনোবিজ্ঞানীদের মতে, মানুষের কথার পাশাপাশি চোখের চাহনি, মুখের অভিব্যক্তি ও শারীরিক ভাষাতেও মনের ভাব প্রকাশ পেতে পারে।
বিবিসি সায়েন্স ফোকাসে প্রকাশিত এক প্রতিবেদনে মনোবিজ্ঞানী অ্যাবি জর্ডান বলেন, কারও আচরণে এই পাঁচটি লক্ষণ দেখা গেলে বুঝবেন তিনি হয়তো আপনাকে অপছন্দ করেন।
চোখে চোখ রেখে কথা বলতে চান না
কথা বলার সময় চোখের দৃষ্টি মানুষের মনোযোগের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। সাধারণত যাদেরকে আমরা পছন্দ করি, যার সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা যাদের প্রতি আগ্রহ থাকে, তাদের সঙ্গেই চোখে চোখ রেখে কথা বলি। যার প্রতি আগ্রহ থাকে, তার সঙ্গেই চোখে চোখ রেখে কথা বলা হয়।
কিন্তু কেউ যদি বারবার চোখ সরিয়ে নেন, চারপাশে তাকাতে থাকেন বা আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে না চান, তাহলে এটি আপনার প্রতি তার আগ্রহ কম থাকার ইঙ্গিত হতে পারে।
মুখের অভিব্যক্তিতে বিরক্তি প্রকাশ পায়
মানুষের মুখের অভিব্যক্তি অনেক সময় না বলা কথাও প্রকাশ করে। বিশেষ করে কারও প্রতি বিরক্তি থাকলে তা মুখের ভঙ্গিতে সহজেই ফুটে উঠতে পারে। যেমন- কথা বলার সময় ঠোঁটের এক পাশ সামান্য বাঁকিয়ে হাসা বা ব্যঙ্গাত্মক অভিব্যক্তি প্রকাশ করা অবজ্ঞার লক্ষণ হতে পারে। একইভাবে, বিরক্তির অভিব্যক্তিও তার আচরণেই ফুটে ওঠে।
তবে শুধু মুখের ভঙ্গি দেখেই কারও মনোভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। কখনো কখনো এর ব্যতিক্রমও হতে পারে।
আপনার সামনে হাসিখুশি থাকেন না
হাসি মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা প্রকাশের অন্যতম মাধ্যম। যে আপনাকে পছন্দ করে সে আপনার সামনে সাধারণত হাসিখুশি থাকে। আপনার সঙ্গে সময় কাটিয়ে তার ভালো লাগে বলেই সে হাসিখুশি থেকে আনন্দ প্রকাশ করে।
কিন্তু কেউ যদি অন্যদের সঙ্গে হাসিমুখে কথা বললেও আপনার সামনে এসে চুপচাপ বা গোমড়া মুখে থাকেন, তাহলে সেটি আপনার প্রতি তার আন্তরিকতার অভাবের ইঙ্গিত হতে পারে। এতে আপনি বুঝতে পারবেন, সে হয়তো আপনাকে ঠিক পছন্দ করছে না।
বিশেষ করে বারবার এমন আচরণ দেখা গেলে অনেকটাই নিশ্চিত হওয়া যায়।
কথা বলার সময় শরীর অন্যদিকে ঘুরিয়ে রাখেন
কেউ আপনার সঙ্গে কথা বলছেন, কিন্তু তার শরীরের বেশির ভাগ অংশই অন্যদিকে ঘোরানো, এমন আচরণও কিছুটা অপছন্দের ইঙ্গিত দিতে পারে।
মনোবিজ্ঞানীদের মতে, মানুষ সাধারণত যাদের সঙ্গে কথা বলতে বা সময় কাটাতে আগ্রহী, তাদের দিকে শরীর ঘুরিয়ে রাখেন। কিন্তু, শরীর অন্যদিকে ফিরিয়ে রাখা বা কথোপকথনের সময় আপনার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা আপনার প্রতি তার অনাগ্রহ প্রকাশ করতে পারে।
অর্থাৎ, কেউ মুখে কথা বললেও তার শারীরিক অবস্থান অন্য কিছু বোঝাতে পারে।
আপনার কাছ থেকে শারীরিক দূরত্ব বজায় রাখেন
মানুষ কার সঙ্গে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা অনেক সময় তাদের পারস্পরিক দূরত্বের মাধ্যমেও বোঝা যায়। যাদেরকে পছন্দ করেন বা যাদের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের কাছাকাছি থাকতে সাধারণত কোনো সমস্যা হয় না।
অন্যদিকে, কেউ যদি সবসময় আপনার কাছ থেকে দূরে বসেন, কাছে আসতে না চান বা কথা বলার সময় দূরত্ব বজায় রাখেন, তাহলে এটি তার সামাজিক দূরত্ব বজায় রাখার ইঙ্গিত হতে পারে। এতে আপনি বুঝতে পারবেন সে হয়তো আপনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না।
মনোবিজ্ঞানে মানুষের ব্যক্তিগত পরিসর ও পারস্পরিক দূরত্ব নিয়ে গবেষণার এই শাখাকে প্রক্সেমিকস বলা হয়।
তবে একটি লক্ষণ দেখেই সিদ্ধান্তে পৌঁছাবেন না
কারও আচরণে এসব লক্ষণ দেখা গেলেই যে তিনি আপনাকে অপছন্দ করেন, এমন ধারণা করা ঠিক না। কারণ চোখে চোখ না রাখা, কম হাসা বা দূরত্ব বজায় রাখার পেছনে অন্য কারণও থাকতে পারে। ব্যক্তিগত সমস্যার কারণেও অনেক সময় এমন হতে পারে।
ক্লান্তি, লাজুক স্বভাব, মনোযোগের অভাব বা সামাজিক পার্থক্যের কারণেও মানুষের আচরণে এমন পরিবর্তন দেখা যায়।
তাই একটি নির্দিষ্ট আচরণের ওপর নির্ভর না করে একই ব্যক্তির আচরণ বিভিন্ন সময়ে ও বিভিন্ন পরিস্থিতিতে কেমন থাকে, তা লক্ষ্য করতে পারেন। একাধিক লক্ষণ যদি নিয়মিত দেখা যায়, তাহলে তার মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যের আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের আত্মসম্মান বজায় রাখুন, সুস্থ সামাজিক সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দিন।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
