বিশ্ব শিশু দিবস আজ

আজ বিশ্ব শিশু দিবস। শিশুরা একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা, সুস্বাস্থ্য ও নিজেদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি। শিশুদের অধিকার, মর্যাদা ও কল্যাণের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ২০ নভেম্বর পালিত হয় বিশ্ব শিশু দিবস।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য, ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। এর মাধ্যমে শিশুদের নিজেদের অধিকার, মতামত ও ভবিষ্যৎ গঠনে তাদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বিশ্বজুড়ে শিশুদের অধিকার সুরক্ষায় ১৯৮৯ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন বা সনদ (সিআরসি) গৃহীত হয়। তখন থেকেই প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়ে আসছে।
১৯৮৯ সালের ২০ নভেম্বর বিশ্বনেতারা শিশু অধিকার বিষয়ে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন করেন। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি। শিশু অধিকার সনদের আলোকে শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে বিশ্বব্যাপী ইউনিসেফ বিশ্ব শিশু দিবস পালন করে।
দিবসটি উপলক্ষে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি শিশুদের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাসীর সমর্থন ও সহযোগিতা চাওয়া হয়।
দিবসটি উপলক্ষে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করার আহ্বানও জানানো হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আয়োজনে শিশু দিবস পালন করা হয়।

