ঘরেই তৈরি করুন রেস্তোরাঁর মতো মজাদার মোমো

এশিয়া পোস্ট ডেস্ক
ঘরেই তৈরি করুন রেস্তোরাঁর মতো মজাদার মোমো
ছবি: সংগৃহীত

শহরের অলিগলি থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ সবখানেই এখন মোমোর জনপ্রিয়তা তুঙ্গে। নরম পাতলা আবরণ, ভেতরে রসালো পুর আর সঙ্গে টক-ঝাল যেকোনো চাটনি দিয়ে সুস্বাদু খাবারটি এখন অনেকেরই পছন্দের তালিকায়।

বিকেলের আড্ডা, পরিবারের ছোটখাটো আয়োজন কিংবা সপ্তাহের শেষে বিশেষ মেন্যুতে সব ক্ষেত্রেই মোমো বর্তমানে একটি জনপ্রিয় স্ন্যাকস। খুব সহজেই ঘরেও তৈরি করা যায় রেস্তোরাঁর মতো স্বাদের মোমো।

আসুন জেনে নেই চিকেন, ভেজিটেবল ও চিকেন চিজ মোমো তৈরির সহজ রেসিপি।

প্রথমেই ডো তৈরি করে নিতে হবে-

উপকরণ

  • ময়দা ২ কাপ
  • লবণ আধা চা চামচ
  • তেল ১ চা চামচ
  • প্রয়োজনমতো কুসুম গরম পানি

প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মসৃণ ডো তৈরি করে ৩০ মিনিট ঢেকে রেখে দিতে হবে।

চিকেন মোমো

উপকরণ

  • মুরগির কিমা ৩০০ গ্রাম
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা ও রসুন কুচি ১ চা চামচ করে
  • সয়া সস ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুচি ১ চা চামচ করে
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি: সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পুর তৈরি করতে হবে। ডো ছোট ছোট ভাগ করে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে। মাঝখানে চিকেনের পুর দিয়ে পছন্দমতো ভাঁজ করে নিতে হবে। এরপর ১২ থেকে ১৫ মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন মোমো।

ভেজিটেবল মোমো

উপকরণ

  • বাঁধাকপি কুচি ১ কাপ
  • গাজর কুঁচি আধা কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • ক্যাপসিকাম কুচি এক-চতুর্থাংশ কাপ
  • আদা ও রসুন কুচি ১ চা চামচ করে
  • সয়া সস ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
  • তেল ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি: ফ্রাইপ্যানে তেল গরম করে আদা-রসুন হালকা ভেজে নিতে হবে। এরপর সবজি দিয়ে মাঝারি আঁচে দুই থেকে তিন মিনিট নাড়তে হবে।

সয়া সস, লবণ ও গোলমরিচ সবজিতে মিশিয়ে ঠান্ডা করে নিতে হবে। তৈরি পুর ডোতে ভরে ১০ থেকে ১২ মিনিট স্টিম করলেই পরিবেশনের জন্য প্রস্তুত সুস্বাদু ভেজিটেবল মোমো।

চিকেন চিজ মোমো

উপকরণ

  • মুরগির কিমা ২৫০ গ্রাম
  • গ্রেট করা মোজারেলা বা চেডার চিজ ১ কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা ও রসুন কুচি ১ চা চামচ করে
  • সয়া সস ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি: চিজ ছাড়া সব উপকরণ মিশিয়ে পুর তৈরি করুন। প্রতিটি মোমোতে প্রথমে চিকেনের পুর, এরপর গ্রেট করা চিজ দিয়ে ভালোভাবে ডোর মুখ বন্ধ করে দিতে হবে। ১২ থেকে ১৫ মিনিট স্টিম করলেই তৈরি হবে চিজে ভরা সুস্বাদু মোমো।

মজাদার টক-ঝাল চাটনি

উপকরণ

  • শুকনা লাল মরিচ ৮–১০টি (ভিজিয়ে রাখা)
  • টমেটো ২টি (সেদ্ধ)
  • রসুন ৬–৭ কোয়া
  • আদা ১ ইঞ্চি
  • ভিনেগার ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • চিনি আধা চা চামচ

প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। প্রয়োজনে সামান্য পানি দিয়ে ঘনত্ব ঠিক করে নিতে হবে।

কিছু দরকারি টিপস

  • মোমোর আবরণ যত পাতলা হবে, স্বাদ তত ভালো হবে।
  • স্টিমারের ট্রেতে সামান্য তেল ব্রাশ করলে মোমো লেগে যাবে না।
  • চিকেনের পুরে অল্প বাঁধাকপি কুঁচি মিশিয়ে নিলে মোমো আরও রসালো হয়।
  • গরম গরম মোমো ঝাল চাটনি বা হালকা স্যুপের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।