বিবাহবিচ্ছেদের সবচেয়ে বড় কারণ কী, জানাল গবেষণা

বর্তমান সময়ে অন্যতম বড় একটি সামাজিক সমস্যার নাম ‘বিবাহবিচ্ছেদ’। বিবাহবিচ্ছেদ কেন হয়, কীভাবে এড়ানো যায়, এ নিয়ে বেশকিছু গবেষণা হয়েছে। স্বাভাবিকভাবেই, প্রতিটি দম্পতিই চায় তাদের দাম্পত্য সম্পর্ক যেন ভেঙে না যায়। কিন্তু চাওয়ার পরও কেন এত বিচ্ছেদ হচ্ছে?
বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। দাম্পত্য কলহ, পরকীয়া, আর্থিক সংকট বা স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াকে সাধারণত বিচ্ছেদের প্রাথমিক কারণ মনে করা হয়। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, এসব বিষয়ের বাইরেও স্ত্রীর ব্যক্তিগত জীবনের কিছু নেতিবাচক অভিজ্ঞতা বিবাহবিচ্ছেদের বড় কারণ হতে পারে।
১২ বছর ধরে ৩৬৮ দম্পতির ওপর গবেষণা
গবেষণাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের একদল সামাজিক বিজ্ঞানী। ২০০৯-১০ সালে তারা ৩৬৮ নবদম্পতিকে নিয়ে গবেষণাটি শুরু করেন। এরপর ১২ বছর ধরে তাদের দাম্পত্যজীবন পর্যবেক্ষণ করা হয়। গবেষণার শেষ হয় ২০২১-২২ সালে।
গবেষণায় বিবাহবিচ্ছেদের কারণ নির্ধারণে ছয়টি বিষয় বিবেচনা করা হয়। এগুলো হলো-
- স্বামীর ব্যক্তিগত দুর্বলতা
- স্ত্রীর ব্যক্তিগত দুর্বলতা
- দম্পতির যোগাযোগের ধরন
- আর্থসামাজিক অবস্থা
- স্বামীর দাম্পত্য জীবনের প্রতি সন্তুষ্টি
- স্ত্রীর দাম্পত্য জীবনের প্রতি সন্তুষ্টি
গবেষণার সময় মোট দম্পতির ৩৯ শতাংশেরই বিবাহবিচ্ছেদ ঘটে।
স্ত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতা কেন গুরুত্বপূর্ণ?
গবেষণায় দেখা যায়, বিবেচনায় নেওয়া ছয়টি বিষয়ের মধ্যে স্ত্রীর ব্যক্তিগত দুর্বলতাই বিবাহবিচ্ছেদের সবচেয়ে শক্তিশালী কারণ হিসেবে উঠে এসেছে।
এ ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয়েছে। যেমন: শৈশবে নেতিবাচক অভিজ্ঞতা, শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হওয়া, মাদক বা নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার, ঘন ঘন নেতিবাচক আবেগ অনুভব করা এবং বাবা-মায়ের তিক্ত বৈবাহিক সম্পর্ক।
গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, এসব অভিজ্ঞতার প্রভাব যত বেশি, দম্পতির বিচ্ছেদের ঝুঁকিও তত বেশি হতে পারে। এমনকি অন্য পাঁচটি বিষয় বিবেচনায় নেওয়ার পরও এই সমস্যা দেখা গেছে।
গবেষকদের ধারণা, দাম্পত্য জীবনে নারীরা ঘরের কাজের পাশাপাশি পরিবারের আবেগগত দায়িত্বও বেশি পালন করেন। তারা সঙ্গীর প্রয়োজন ও সম্পর্কের সমস্যাগুলো বেশি লক্ষ্য করেন। ফলে ব্যক্তিগত জীবনে নেতিবাচক অভিজ্ঞতা থাকা নারীরা সম্পর্কের সমস্যায় বিচ্ছেদের বিষয়ে তুলনামূলক দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তবে এটি গবেষকদের একটি সম্ভাব্য ব্যাখ্যা, নিশ্চিত কারণ না।
দাম্পত্য সম্পর্কে যোগাযোগের গুরুত্ব
গবেষণায় আরও দেখা গেছে, ব্যক্তিগত জীবনের নেতিবাচক অভিজ্ঞতা থাকলেই অনেক সময় বিবাহবিচ্ছেদ ঘটে না। স্বামী-স্ত্রীর মধ্যে ভালো যোগাযোগ থাকলে এই ঝুঁকি অনেকটাই কমতে পারে।
যেসব দম্পতির মধ্যে আন্তরিকতা, হাস্যরস ও কার্যকরভাবে সমস্যা সমাধানের প্রবণতা বেশি ছিল, তাদের ক্ষেত্রে স্ত্রীর ব্যক্তিগত দুর্বলতার কারণে বিচ্ছেদের বাড়তি ঝুঁকি অনেকটাই কমে গিয়েছিল।
গবেষকদের মতে, অতীতের নেতিবাচক অভিজ্ঞতা দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তবে পারস্পরিক বোঝাপড়া ও সুস্থ যোগাযোগ সম্পর্ক টিকিয়ে রাখতে সহায়ক হতে পারে।

