Advertisement

তোয়ালে ধবধবে সাদা ও নরম রাখার টিপস

এশিয়া পোস্ট ডেস্ক
তোয়ালে ধবধবে সাদা ও নরম রাখার টিপস
ছবি : সংগৃহীত

হোটেলের তোয়ালে এত নরম, ফোলা আর ঝকঝকে সাদা কেন? এই প্রশ্ন অনেকেরই। আসলে এর পেছনে থাকে কিছু সহজ কিন্তু কার্যকর যত্নের কৌশল। দামি ডিটারজেন্ট নয় বরং সঠিকভাবে ধোয়া ও শুকানোর অভ্যাসই তোয়ালেকে দীর্ঘদিন নতুনের মতো রাখে। ঘরেই কয়েকটি সহজ নিয়ম মেনে চললে আপনার পুরনো তোয়ালেও হয়ে উঠতে পারে তুলতুলে নরম ও সতেজ।

চলুন জেনে নিই কিছু সহজ নিয়ম।

তোয়ালে আলাদা করে ধুতে হবে

তোয়ালে কখনও জিন্স, শার্ট বা ভারী কাপড়ের সঙ্গে ধোয়া উচিত নয়। বিশেষ করে জিপার বা শক্ত কাপড়ের ঘর্ষণে তোয়ালের নরম তন্তু নষ্ট হয়ে যায়। আলাদা করে ধুলে তোয়ালের আঁশ ভালো থাকে এবং সাবানও ঠিকভাবে পরিষ্কার হয়।

ওয়াশিং মেশিনে বেশি কাপড় গুঁজে দেবেন না

একসঙ্গে অনেক তোয়ালে ভরে দিলে সেগুলো ঠিকভাবে পরিষ্কার হয় না। পর্যাপ্ত জায়গা থাকলে পানি ও ডিটারজেন্ট সহজে সব অংশে পৌঁছায়। এতে তোয়ালে শুকানোর পর শক্ত বা দলা পাকানো লাগে না।

খুব গরম পানি ব্যবহার নয়

অনেকে মনে করেন গরম পানিতে ধুলে তোয়ালে বেশি পরিষ্কার হয়। কিন্তু অতিরিক্ত গরম পানি তোয়ালের সুতির তন্তু দুর্বল করে দেয়। হালকা গরম বা ইষদুষ্ণ পানি ব্যবহার করাই সবচেয়ে ভালো।

ফেব্রিক সফটনার কম ব্যবহার করুন

ফেব্রিক সফটনার তোয়ালেকে সাময়িক নরম করলেও ধীরে ধীরে এর জল শোষণ করার ক্ষমতা কমিয়ে দেয়। সফটনারের বদলে ড্রায়ার বল ব্যবহার করলে তোয়ালে আরও ফোলা ও নরম থাকে।

সাদা ভিনিগার ব্যবহার করুন

তোয়ালে থেকে আঁশটে গন্ধ দূর করতে এবং জমে থাকা ডিটারজেন্ট পরিষ্কার করতে সাদা ভিনিগার দারুণ কাজ করে। ধোয়ার সময় অল্প পরিমাণ ভিনিগার মিশিয়ে দিন। এতে তোয়ালে আরও ঝকঝকে ও সতেজ লাগবে।

বেকিং সোডা হতে পারে ম্যাজিক সমাধান

তোয়ালের দুর্গন্ধ ও গুমোট ভাব দূর করতে বেকিং সোডা খুব কার্যকর। এটি তোয়ালের রঙ উজ্জ্বল রাখে এবং তন্তুগুলোকে নরম রাখতে সাহায্য করে। মাসে অন্তত একবার বেকিং সোডা দিয়ে ধুলে ভালো ফল পাওয়া যায়।

সঠিকভাবে শুকানোও জরুরি

তোয়ালে খুব কড়া রোদে দীর্ঘসময় ফেলে রাখলে কাপড় শক্ত হয়ে যেতে পারে। বাতাস চলাচল করে এমন জায়গায় শুকানো সবচেয়ে ভালো। এতে তোয়ালে নরম থাকে এবং গন্ধও হয় না।

মোট কথা, নিয়মিত যত্নেই মিলবে হোটেলের মতো তোয়ালে। হোটেলগুলো প্রতিদিন এই ছোট ছোট নিয়ম মেনে চলেই তোয়ালে নতুনের মতো রাখে।

তাই আপনিও যদি নিয়মিত যত্ন নেন, তাহলে বাড়িতেই পেতে পারেন ধবধবে সাদা, নরম ও আরামদায়ক তোয়ালে।

সূত্র: টিভি ৯