logo

আজ বিশ্ব সিওপিডি দিবস, ফুসফুসের যে রোগ সম্পর্কে সচেতনতা জরুরি

আজ বিশ্ব সিওপিডি দিবস, ফুসফুসের যে রোগ সম্পর্কে সচেতনতা জরুরি
ছবি: ম্যাগনিফিক

আজ ১৮ নভেম্বর বিশ্ব সিওপিডি দিবস। প্রতি বছর নভেম্বরের তৃতীয় বুধবার বিশ্ব সিওপিডি দিবস পালন করা হয়। সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদি রোগ, যা শ্বাস নেওয়া ও বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে।

ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো ও দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো ‘উন্নত জীবনের জন্য প্রাথমিক রোগ নির্ণয় এবং ব্যবস্থাপনা’।

Advertisement

ক্রনিক ব্রঙ্কাইটিস ও এমফাইসেমা এই রোগের অন্তর্ভুক্ত। ধূমপান, বায়ুদূষণ, ক্ষতিকর ধোঁয়া ও ধুলাবালির সংস্পর্শে থাকার কারণে এ রোগের ঝুঁকি বাড়ে। সিওপিডিতে আক্রান্ত ব্যক্তিরা হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠা, এমনকি দীর্ঘ সময় কথা বলার মতো প্রতিদিনের স্বাভাবিক কাজেও রুদ্ধশ্বাস অনুভব করেন।

রোগটি ধীরে ধীরে বিকশিত হয়। অনেকেই শুরুতে এটি খেয়াল করেন না। পরবর্তীতে সমস্যা অনেক বেড়ে গেলে রোগ ধরা পড়ে। যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়, তাহলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থতা সম্ভব।

২০০২ সালে ‘গ্লোবাল ইনিশিয়েটিভ ফর ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ’ প্রথম বিশ্ব সিওপিডি দিবস চালু করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

সিওপিডির লক্ষণ

সিওপিডির সাধারণ কিছু লক্ষণ হলো-

  • শ্বাস নিতে কষ্ট হওয়া
  • দীর্ঘদিন ধরে কাশি থাকা
  • কাশির সঙ্গে কফ বা শ্লেষ্মা বের হওয়া
  • বুকে চাপ অনুভব করা
  • শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হওয়া
  • বারবার ফুসফুসে সংক্রমণ হওয়া
  • ক্লান্তি ও দুর্বলতা

এসব লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অনেক সময় রোগের প্রাথমিক লক্ষণগুলো অবহেলা করার কারণে সঠিক সময়ে রোগ শনাক্ত হয় না।

সিওপিডি প্রতিরোধে করণীয়

ধূমপান বন্ধ করার পাশাপাশি অন্যের সিগারেটের ধোঁয়া এড়িয়ে চলাও সিওপিডির ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ একটি উপায়। পাশাপাশি বায়ুদূষণ, ধুলাবালি ও কর্মক্ষেত্রের ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে।

নিয়মিত হাঁটা বা শরীরচর্চা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাওয়াও গুরুত্বপূর্ণ। সিওপিডির সম্পূর্ণ নিরাময় না থাকলেও সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে রোগের উপসর্গ নিয়ন্ত্রণে রাখা যায়। সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে জীবনযাত্রার মান ভালো রাখা সম্ভব।

বিশ্বব্যাপী লাখো মানুষ সিওপিডিতে আক্রান্ত। অনেকেই যে রোগটিতে আক্রান্ত, সেটা তারা নিজেরাও জানেন না। তবে প্রাথমিকভাবে শনাক্ত করা গেলে জীবনযাত্রার পরিবর্তন ও ওষুধ সেবনের মাধ্যমে রোগটির অগ্রগতি কমিয়ে দেওয়া সম্ভব।