এবার পূজার আয়োজনে মসলা ছাড়া দই-আলু

আসছে শারদীয় দুর্গাপূজা। সারা দিন এই মণ্ডপ থেকে সেই মণ্ডপ। ঘোরাঘুরির কারণে মণ্ডপে খাওয়া হবে নানা খাবার। কিন্তু ঘরের আয়োজনে একটু বৈচিত্র্য থাকা চাই। প্রতিদিনের চেনা পদে একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে তৈরি করতে পারেন মসলা ছাড়া দই-আলু। অল্প কিছু উপকরণে খুব সহজেই তৈরি করা যায় এই পদ। কীভাবে তৈরি করবেন পূজার বিশেষ এই রান্না- চলুন দেখে নেওয়া যাক—
দই-আলু বানাতে যা যা উপকরণ লাগবে
আলু- ৫/৬টি ছোট থেকে মাঝারি আলু (সেদ্ধ করা)
টক দই- ১ কাপ (ভালোভাবে ফেটানো)
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো- আধা চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
চিনি- এক চা চামচ
পানি- প্রয়োজনমতো
ফোড়ন- ১ চা চামচ
তেজপাতা- ২ টি
সরিষার তেল- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ- ২ থেকে ৩টি
ধনেপাতা- সামান্য
যেভাবে রান্না করবেন
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করে নিন। চাইলে আলুগুলো সামান্য হাতে চেপে ভেঙে নিতে পারেন এতে দইয়ের স্বাদ ভালোভাবে মিশবে। কড়াইতে সরিষার তেল গরম করে আলোগুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন।
একটি বাটিতে দই ভালো করে ফেটে নিন। এর সঙ্গে লবণ, চিনি ও সামান্য পানি মিশিয়ে মসৃণ করে রাখুন। তারপর সেই টক দইয়ের সঙ্গে হলুদ, ধনে ও জিরে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে রাখুন।
এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে ফোড়ন, তেজপাতা, আদা বাটা দিয়ে অল্প সময় নেড়ে নিন। মশলা থেকে গন্ধ বের হলে আঁচ একদম কমিয়ে দইয়ের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। দইয়ের মিশ্রণটি অবিরাম নাড়তে থাকুন যাতে দই ফেটে না যায়। তেল ছেড়ে আসা পর্যন্ত মাঝারি আঁচে কষাতে হবে।
এবার ভেজে রাখা আলু কষানো মসলায় দিয়ে দিতে হবে। প্রয়োজনমতো সামান্য উষ্ণ গরম পানি দিয়ে ৭ থেকে ৮ মিনিট ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
রান্নার টিপস
- দই যাতে কেটে না যায়, সেজন্য রান্নার আগে দই ভালোভাবে ফেটে নিতে হবে এবং দই দেওয়ার সময় চুলার আঁচ কম রাখতে হবে।
- দই বেশি টক হলে সামান্য চিনি এর স্বাদের ভারসাম্য এনে দেবে।
- সরিষার তেলের পরিবর্তে এই মেন্যুটি ঘি দিয়ে ও রান্না করা যায়।
কেন রাখবেন পূজার মেনুতে এই দই- আলু?
আলু আছে কার্বোহাইড্রেট, আর দইয়ে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম। কম তেল-মসলা দিয়ে তৈরি হওয়ায় এটি তুলনামূলকভাবে হালকা একটি খাবার। উৎসবের ব্যস্ততার মধ্যে দ্রুত রান্না করেও অতিথিদের পরিবেশন করা যায় এই স্বাস্থ্যসম্মত মেন্যুটি।
পূজার আয়োজনে নিরামিষ খাবারের তালিকা বেশ বৈচিত্র্যময়। তবে কম উপকরণে, ঝটপট আর ভিন্ন স্বাদের কিছু রান্না করতে চাইলে হতে পারে মসলা ছাড়া দই-আলু। আলু আর দইয়ের মেলবন্ধনে তৈরি এই পদ যেমন সহজ, তেমনি স্বাদেও বেশ আলাদা।