logo

ভালো তরমুজ বাছাই করবেন যেভাবে

ভালো তরমুজ বাছাই করবেন যেভাবে

একটি মিষ্টি ও পাকা তরমুজ বেছে নেওয়া অনেক সময় একটু আন্দাজের ব্যাপার মনে হতে পারে। কিন্তু কিছু সহজ কৌশল জানলে বিষয়টি মোটেও কঠিন নয়। এই টিপসগুলো অনুসরণ করলে বাজারে গিয়ে সহজেই আপনি রসালো ও মিষ্টি তরমুজ বেছে নিতে পারবেন।

অনেকেই বাজারে গিয়ে তরমুজ কিনে পরে বুঝতে পারেন, সেটি আসলে ঠিকমতো পাকা হয়নি। এই অভিজ্ঞতা খুবই সাধারণ। তাই আগে থেকেই কিছু লক্ষণ জানা থাকলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। গরমের দিনে ঠান্ডা, মিষ্টি তরমুজের মতো সতেজ কিছু আর নেই। কেউ এটি কেটে লেবুর রস দিয়ে খান, কেউ সালাদ বা জুস বানান, আবার কেউ ডেজার্ট হিসেবেও ব্যবহার করেন। তাই ভালো তরমুজ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।

খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞদের মতে, একটি তরমুজের মিষ্টতা নির্ভর করে এর চাষের পরিবেশ, তাপমাত্রা ও পরাগায়নের ওপর। তবে এসব তথ্য জানা সব সময় সম্ভব হয় না। তাই কয়েকটি সহজ লক্ষণ দেখে আপনি ভালো তরমুজ চিনতে পারেন।

মিষ্টি-পাকা তরমুজের বৈশিষ্ট্য

একটি ভালো তরমুজ সাধারণত:

  • আকারে সমান ও সুন্দর হয়
  • আকার অনুযায়ী ভারী লাগে
  • ঠোকা দিলে গভীর ও ভারী শব্দ হয়
  • নিচে হলুদ দাগ থাকে

ভালো তরমুজ বাছাইয়ের বিস্তারিত টিপস

আকার লক্ষ্য করুন : তরমুজটি গোল বা ডিম্বাকৃতি হতে পারে, তবে এর আকার যেন অস্বাভাবিক বা অসমান না হয়। উঁচুনিচু বা বাঁকানো তরমুজ এড়িয়ে চলুন।

ওজন অনুভব করুন : তরমুজটি দেখতে যতটা বড়, হাতে তুললে তার চেয়ে ভারী মনে হলে বুঝবেন এতে পানি বেশি আছে, অর্থাৎ এটি রসালো। হালকা মনে হলে সেটি ভালো নাও হতে পারে।

খোসার রং দেখুন : পাকা তরমুজের খোসা সাধারণত গাঢ় ও একটু নিস্তেজ দেখায়। খুব চকচকে বা ফ্যাকাশে হলে সেটি কাঁচা হওয়ার সম্ভাবনা থাকে।

জালের মতো দাগ বা চিহ্ন দেখুন : তরমুজের গায়ে কিছু গাঢ় দাগ বা জালের মতো চিহ্ন থাকতে পারে। এগুলো ভালো পরাগায়নের লক্ষণ এবং সাধারণত মিষ্টতার ইঙ্গিত দেয়।

ফিল্ড স্পট বা নিচের হলদে দাগ খুঁজুন : তরমুজের নিচে একটি হলুদ বা ক্রিম রঙের দাগ থাকে, যেখানে এটি মাটিতে ছিল। এই দাগটি যদি বড় ও গাঢ় হলুদ হয়, তাহলে বুঝবেন তরমুজটি গাছে ভালোভাবে পেকেছে। সাদা বা হালকা দাগ হলে সেটি পুরোপুরি পাকা নয়।

bigStoryContent

ঠোকা দিয়ে শব্দ শুনুন : তরমুজে হালকা করে ঠোকা দিলে যদি গভীর ও ভারী শব্দ শোনা যায়, তাহলে সেটি সাধারণত পাকা ও রসালো। ফাঁপা বা হালকা শব্দ হলে সেটি কম পাকা হতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলেন, শুধু শব্দের ওপর নির্ভর না করে অন্য লক্ষণগুলোর দিকেও নজর দেওয়া উচিত। কারণ শব্দের পার্থক্য বোঝার জন্য কিছুটা অভিজ্ঞতা দরকার। সব মিলিয়ে, একটু মনোযোগ দিলেই ভালো তরমুজ বেছে নেওয়া কঠিন নয়। কয়েকবার চেষ্টা করলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটি সবচেয়ে ভালো।