শীতকালে ফ্রিজ কত ডিগ্রিতে রাখবেন, জানুন সঠিক নিয়ম

শীতকাল এলেই অনেকের মনে প্রশ্ন জাগে, এ সময় কি ফ্রিজের তাপমাত্রা কমিয়ে রাখা উচিত কি না? বাইরে ঠান্ডা আবহাওয়া থাকায় অনেকে মনে করেন, শীতকালে ফ্রিজে বেশি ঠান্ডা রাখার প্রয়োজন নেই। আবার কেউ কেউ খাবার ভালো রাখতে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দিয়ে রাখেন। তবে খাবার নিরাপদ ও সতেজ রাখতে শীতকালেও ফ্রিজের তাপমাত্রা ঠিক রাখা জরুরি।
ফ্রিজের তাপমাত্রা সঠিক না থাকলে মাছ, মাংস, দুধ, রান্না করা খাবারসহ বিভিন্ন পচনশীল খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এমনকি খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়াও জন্মাতে পারে। তাই শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, ফ্রিজারের তাপমাত্রা কেমন হবে এবং বিদ্যুৎ সাশ্রয় করতে কী কী বিষয়ে খেয়াল রাখা দরকার, তা জেনে নেওয়া ভালো।
শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?
শীতকাল হোক বা গ্রীষ্মকাল, খাবার নিরাপদ রাখতে ফ্রিজের ভেতরের তাপমাত্রা সাধারণত ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা ভালো। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আদর্শ তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজের আদর্শ তাপমাত্রা ১.৭ থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফ্রিজের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখার পরামর্শ দেয়।
তাই শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকলেও ফ্রিজের তাপমাত্রা নিরাপদ সীমার মধ্যে রাখুন। শুধু আবহাওয়া ঠান্ডা বলে ফ্রিজের শীতলতা কমিয়ে দেওয়া ঠিক না। কারণ ঘরের তাপমাত্রা, ফ্রিজের ব্যবহার এবং দরজা খোলা-বন্ধ করার ওপরও এর ভেতরের তাপমাত্রা নির্ভর করে।
ফ্রিজারের তাপমাত্রা কত রাখবেন?
ফ্রিজারের কাজ হলো মাছ, মাংসসহ বিভিন্ন খাবার দীর্ঘ সময় হিমায়িত অবস্থায় রাখা। এ জন্য ফ্রিজারের তাপমাত্রা সাধারণত মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেই রাখা উচিত।
শীতকালে ফ্রিজারের তাপমাত্রা অকারণে বাড়ানো ঠিক না। এতে খাবার যথেষ্ট ঠান্ডায় না থাকতে পারে এবং দীর্ঘ সময় সংরক্ষণের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার প্রয়োজনের তুলনায় এসময় অতিরিক্ত ঠান্ডা রাখলেও বিদ্যুতের খরচ বাড়তে পারে।
শীতকালে কি ফ্রিজের তাপমাত্রা কমিয়ে দেওয়া উচিত?
এখানে একটি বিষয় বোঝা জরুরি। ফ্রিজের তাপমাত্রা কমানো বলতে কখনো বেশি ঠান্ডা করা, আবার কখনো শীতলতা কমিয়ে দেওয়া বোঝানো হয়। আপনার ফ্রিজের নিয়ন্ত্রণব্যবস্থায় কোনটি বোঝানো হচ্ছে, তা আগে নিশ্চিত হওয়া দরকার।
সাধারণভাবে, শীতকাল এলেই ফ্রিজের তাপমাত্রা পরিবর্তন করার প্রয়োজন নেই। ফ্রিজের ভেতরের তাপমাত্রা যদি ঠিক থাকে, তাহলে সেটি আগের সেটিংয়েই রাখতে পারেন। তবে ফ্রিজের ভেতরে বরফ জমে গেলে, খাবার জমে শক্ত হয়ে গেলে বা পর্যাপ্ত ঠান্ডা না থাকলে তাপমাত্রা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী সেটিং পরিবর্তন করতে পারেন।
মনে রাখবেন, ফ্রিজের গায়ে থাকা তাপমাত্রা নিয়ন্ত্রণের সংখ্যা সব সময় প্রকৃত তাপমাত্রা নির্দেশ করে না। কোনো কোনো ফ্রিজে ১ থেকে ৫ বা ১ থেকে ৭ পর্যন্ত সংখ্যা থাকে। এসব ক্ষেত্রে কোন সংখ্যায় কত ডিগ্রি তাপমাত্রা পাওয়া যাবে, তা ফ্রিজের মডেলভেদে আলাদা হতে পারে।
ফ্রিজের তাপমাত্রা ঠিক আছে কি না বুঝবেন যেভাবে
ফ্রিজের ভেতরে খাবার ঠান্ডা মনে হলেই তাপমাত্রা সঠিক আছে, এমনটা নিশ্চিত করে বলা যায় না। তাপমাত্রা ঠিক আছে কি না জানতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারেন-
থার্মোমিটার ব্যবহার করুন: ফ্রিজের প্রকৃত তাপমাত্রা জানার জন্য আলাদা যন্ত্র বা রেফ্রিজারেটর থার্মোমিটার ব্যবহার করতে পারেন। এতে ফ্রিজের ভেতরের তাপমাত্রা নিরাপদ সীমায় আছে কি না বোঝা সহজ হবে।
ফ্রিজের নির্দেশিকা দেখুন: আপনার ফ্রিজের মডেল অনুযায়ী সঠিক সেটিং জানতে প্রস্তুতকারকের নির্দেশিকা অনুসরণ করুন।
খাবারের অবস্থা খেয়াল করুন: দুধ, মাছ, মাংস বা রান্না করা খাবার অস্বাভাবিক দ্রুত নষ্ট হলে ফ্রিজের তাপমাত্রা এবং শীতলীকরণব্যবস্থা পরীক্ষা করুন।
দরজার রাবার পরীক্ষা করুন: ফ্রিজের দরজার রাবার ঢিলা বা ক্ষতিগ্রস্ত হলে ঠান্ডা বাতাস বেরিয়ে যেতে পারে। ফলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা ঠিক রাখা কঠিন হয়।
শীতকালে ফ্রিজ ভালো রাখতে ৫টি সহজ উপায়
বারবার দরজা খুলবেন না
ফ্রিজের দরজা যত বেশি খোলা হবে, তত বেশি ঠান্ডা বাতাস বেরিয়ে যাবে। প্রয়োজনীয় খাবার বের করে দ্রুত দরজা বন্ধ করুন।
গরম খাবার সরাসরি রাখবেন না
চুলা থেকে নামানো গরম খাবার কিছুটা ঠান্ডা করে ঢেকে ফ্রিজে রাখুন। তবে খাবার দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় ফেলে রাখবেন না। পচনশীল খাবার নিরাপদ সময়ের মধ্যে ফ্রিজে সংরক্ষণ করা জরুরি।
ফ্রিজ অতিরিক্ত ভরবেন না
ফ্রিজে প্রয়োজনীয় খাবার রাখুন, তবে এমনভাবে ভরবেন না যাতে ঠান্ডা বাতাস চলাচল করতে না পারে। বাতাস চলাচলের জায়গা থাকলে ফ্রিজের সব অংশে ঠান্ডা ছড়িয়ে পড়তে সুবিধা হয়।
নিয়মিত পরিষ্কার করুন
ফ্রিজের ভেতরে জমে থাকা ময়লা, খাবারের ছিটা এবং দুর্গন্ধের উৎস নিয়মিত পরিষ্কার করুন। দরজার রাবার ও পেছনের অংশও প্রয়োজন অনুযায়ী পরিষ্কার রাখুন।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সঠিক সেটিং রাখুন
অপ্রয়োজনে ফ্রিজকে অতিরিক্ত ঠান্ডা করে রাখবেন না। আবার বিদ্যুৎ বাঁচাতে তাপমাত্রা নিরাপদ সীমার ওপরে তুলবেন না। সঠিক তাপমাত্রা বজায় রাখাই খাবার নিরাপদ রাখা এবং বিদ্যুতের অপচয় কমানোর ভালো উপায়।
শীতকালে ফ্রিজের তাপমাত্রা ঠিক রাখতে আবহাওয়ার চেয়ে খাবারের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতে হবে। ফ্রিজের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং ফ্রিজারের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখার চেষ্টা করুন। ফ্রিজের প্রকৃত তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করুন এবং খাবার সংরক্ষণের নিয়ম মেনে চলুন। এতে খাবার দীর্ঘ সময় ভালো থাকবে এবং নষ্ট হওয়ার ঝুঁকিও কমবে।
তথ্যসূত্র
Real Simple: The Right Temperature for Your Refrigerator and Freezer
Domestic & General: What Temperature Should a Fridge Be?
U.S. Food and Drug Administration (FDA): Are You Storing Food Safely?


