গরমে ওজন কমাতে সাহায্য করে যেসব পানীয়

বাইরে সারাদিন তপ্ত রোদ। অনেক সময় আকাশে মেঘ থাকলেও বেশ গরম থাকে বাইরে। গরমে শরীর ঠান্ডা রাখা, পানিশূন্যতা দূর করা এবং হালকা থাকা—এই তিনটি বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে কম বেশি সবাই এমন কিছু পানীয় খোঁজেন, যা একদিকে শরীরকে সতেজ রাখবে, অন্যদিকে ওজন বাড়াবে না। আর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করলে তো কথাই নেই। আর এমন পরিস্থিতিতে কোনো এনার্জি ড্রিঙ্কস বা কোমল পানীয় এর বদলে ডিটক্স পানি হতে পারে একটি সহজ ও কার্যকর বিকল্প।
ডিটক্স পানি মূলত পানি, ফল, সবজি ও কিছু ভেষজ উপাদান মিশিয়ে তৈরি করা হয়। এটি বানানো যেমন সহজ, তেমনি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। তবে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি ডিটক্স পানীয় একা জাদুর মতো ওজন কমায় না। বরং এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খেলে ভালো ফল পাওয়া যায়।
কেন ডিটক্স পানি খাবেন
গরমের সময় শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও খনিজ বের হয়ে যায়। ডিটক্স পানি এই ঘাটতি পূরণে সাহায্য করে।
এর কিছু উপকারিতা হলো শরীর হাইড্রেট রাখা, হজমে সহায়তা করা, মেটাবলিজম বাড়াতে কিছুটা সাহায্য করা, শরীরকে সতেজ রাখা এবং অতিরিক্ত ক্যালরিযুক্ত পানীয়ের বিকল্প হিসেবে কাজ করা।
সহজ কয়েকটি ডিটক্স পানীয়ের রেসিপি
লেবু ও পুদিনা পানি : এক জার পানিতে ৬ থেকে ৭ টুকরো লেবু ও ৫টি পুদিনা পাতা দিন। রাতে ফ্রিজে রেখে সকালে পান করুন। লেবুতে থাকা ভিটামিন সি এবং পুদিনার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।
শসা ও লেবু পানি : এক জার পানিতে শসা ও লেবুর স্লাইস দিয়ে রাতভর ভিজিয়ে রাখুন। শসা শরীর ঠান্ডা রাখে এবং পানি সরবরাহ করে। লেবু শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণে সহায়ক।
তরমুজ ও তুলসী পানি : তরমুজের ছোট টুকরো ও কিছু তুলসী পাতা পানিতে দিয়ে ভিজিয়ে রাখুন। তরমুজে পানি ও পটাশিয়াম বেশি থাকে, যা গরমে খুব উপকারী। তুলসী প্রদাহ কমাতে সাহায্য করে।
আপেল ও দারুচিনি পানি : পানিতে আপেলের স্লাইস ও একটি দারুচিনি স্টিক দিন। এটি স্বাদ বাড়ানোর পাশাপাশি হালকা মিষ্টি অনুভূতি দেয় এবং দীর্ঘ সময় সতেজ রাখে।
খাওয়ার সময় কিছু বিষয় মনে রাখুন
- প্রতিদিন নতুন করে ডিটক্স পানীয় তৈরি করা ভালো
- বেশি সময় বাইরে না রেখে ফ্রিজে রাখুন
- অতিরিক্ত চিনি বা সিরাপ যোগ করবেন না
- সারা দিনে অল্প অল্প করে ডিটক্স পানীয় পান করুন
ডিটক্স পানি গরমে শরীর ঠান্ডা রাখা এবং হাইড্রেশন বজায় রাখার একটি সহজ উপায়। এটি সরাসরি ওজন কমানোর কোনো ম্যাজিক সমাধান নয়, তবে স্বাস্থ্যকর অভ্যাসের অংশ হিসেবে এটি উপকারী।
মনে রাখবেন, সঠিক খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত শরীরচর্চার সঙ্গে ডিটক্স পানি যুক্ত করলে ওজন নিয়ন্ত্রণ সহজ হতে পারে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া