
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। হুতিদের নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধুবাব ও মাকবানাহ এলাকায় চালানো হামলায় আরও দুজন আহত হয়েছেন।
একই সময়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিদের চালানো একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদিতে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
তাইজ প্রদেশে হুতিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষও তীব্র হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী হুতিদের কাছ থেকে কয়েকটি অবস্থান পুনর্দখল করেছে এবং প্রদেশটিতে তারা অগ্রসর হচ্ছে।
এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জাজান ও আল-উলা এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছে। জেদ্দা, ইয়ানবু ও তাইফ এলাকাতেও বাসিন্দাদের সতর্ক করে নিরাপদ স্থানে যাওয়ার এবং সরকারি সূত্রের মাধ্যমে খবর অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে হুতি ও ইয়েমেন সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লোহিত সাগরের গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপ দখল করেছে হুতিরা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় ছয়টি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৮টি বিমান হামলা চালিয়েছে।
