মোদিকে নকল করা কৌতুকশিল্পী পুলকিতের তিন শহরে শো বাতিল

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিমিক্রি বা নকল করার জেরে কমেডিয়ান পুলকিত মণিরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বারবার হুমকির জেরে গুরুগ্রাম, কানপুর ও লখনউয়ে তার আসন্ন তিনটি স্ট্যান্ড-আপ কমেডি শো বাতিল করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে একটি পোস্ট করে পুলকিত জানান, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির’ কারণে গুরুগ্রামের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একই কারণে কানপুর ও লখনউয়ের শো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তার অভিযোগ।
ঘটনার সূত্রপাত ইন্দোরে রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জ’ অনুষ্ঠানে পুলকিত মণির উপস্থিতিকে ঘিরে। ওই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠ ও ভঙ্গি অনুকরণ করে পারফর্ম করেন। সেই ভিডিও ও পারফরম্যান্স প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক ও সমালোচনা।
পুলকিতের অভিযোগ, এরপরই তাকে লক্ষ্য করে একাধিক হুমকি আসতে শুরু করে। তার দাবি, পরিস্থিতির কথা বিবেচনা করেই আয়োজকদের সঙ্গে আলোচনা করে একাধিক অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হুমকির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।
ঘটনাটি ঘিরে ফের প্রশ্ন উঠেছে, রাজনৈতিক ব্যঙ্গ ও কৌতুক পরিবেশনের ক্ষেত্রে শিল্পীদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত।
