logo

যুদ্ধের ‘আগুনে ঘি ঢালছে’ ইউরোপ, ৯ বিলিয়ন ডলার পাচ্ছে ইউক্রেন

রয়টার্স
যুদ্ধের ‘আগুনে ঘি ঢালছে’ ইউরোপ, ৯ বিলিয়ন ডলার পাচ্ছে ইউক্রেন
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোর (বামে) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ডানে)। ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে ও রণক্ষেত্রে শক্তিমত্তা প্রদর্শনে ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে শেনজেনভুক্ত দেশ নরওয়ে। তবে এই অর্থ শুধু সামরিক খাতেই ব্যয় করা হবে, তা নয়; বরং সমানভাবে মানবিক সহয়তা খাতেও ব্যয় হবে। এই অর্থায়নকে যুদ্ধের ‘আগুনে ঘি ঢালার’ শামিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে নর্ডিক এই দেশটির সরকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আগামী অর্থবছরে ইউক্রেনকে আরও ৮৫ বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোন অর্থাৎ প্রায় ৯.২ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। এই অর্থ ২০২৬ সালে কিয়েভকে দেওয়া বার্ষিক সহায়তার সমপরিমাণ।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি বিশ্বস্ত সমর্থন পুনর্ব্যক্ত করতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে এবং নর্ডিক ও বাল্টিক অঞ্চলের শীর্ষ নেতারা রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন।

অসলোতে সরকার কর্তৃক প্রকাশিত ভাষণে প্রধানমন্ত্রী স্টোরে জানান, নরওয়ের এই বিপুল পরিমাণ অনুদান মূলত ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি ও মানবিক সহায়তা উভয় খাতেই সমানভাবে ব্যয় করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইউক্রেনকে সমর্থন ও পুনর্গঠন করা কেবল কোনো সাধারণ সহায়তা নয়; বরং এটি পুরো ইউরোপের নিজস্ব নিরাপত্তায় একটি বড় বিনিয়োগ।’

এদিকে শনিবার প্রকাশিত এক মন্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, রুশ অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে কিয়েভ মূলত একটি ‘প্যান্ডোরার বাক্স’ উন্মোচন করেছে। এর জবাবে মস্কো এখন ইউক্রেনের ‘সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে’ বিধ্বংসী পাল্টা আঘাত হানবে।

যুদ্ধের দীর্ঘ গতিপথে উভয় দেশই একে অপরের অর্থনৈতিক অবকাঠামো ও জ্বালানি খাত অচল করে দেওয়ার লক্ষ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। মস্কোর শুরু করা এই যুদ্ধ সাড়ে চার বছরের দিকে গড়ালেও বর্তমানে সীমান্ত ও সম্মুখভাগের লড়াই ছাড়িয়ে অনেক দূরের কৌশলগত অর্থনৈতিক কেন্দ্রগুলোতে এই হামলা ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন-রাশিয়ার দীর্ঘদিনের সংঘাত নিরসনে কূটনৈতিক পথে না এগিয়ে কিয়েভকে সমরখাতে আর্থিক সহায়তা দেওয়া মস্কোকে উসকে দেওয়ার নামান্তর বটে। প্রতিনিয়ত ইউক্রেনকে সহায়তার নামে উসকে দিয়ে চলমান সংঘাতে ‘ঘি ঢালছে’ ইউরোপ। ফলে আরও আগ্রাসী হচ্ছে সাবেক সোভিয়েন ইউনিয়ন।

যুদ্ধের ‘আগুনে ঘি ঢালছে’ ইউরোপ, ৯ বিলিয়ন ডলার পাচ্ছে ইউক্রেন