logo

চিন্ময় দাসের মুক্তি দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেতার

কলকাতা ব্যুরো পশ্চিমবঙ্গ, ভারত
চিন্ময় দাসের মুক্তি দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেতার
পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলীপ ঘোষ। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসকে স্থানান্তরের খবরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ‘মানবতার ডাকে সাড়া না দিলে বাংলাদেশের সমূহ বিনাশ হবে’—মঙ্গলবার সকালে কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন সতর্কবার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলীপ ঘোষ।

দীর্ঘদিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকার পর সোমবার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এই খবর সামনে আসতেই পশ্চিমবঙ্গের গণমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

Advertisement

মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘শ্রদ্ধেয় চিন্ময় প্রভু বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যে আন্দোলন করেছেন, তা সারা বিশ্ব জেনেছে। তার প্রতি যে আচরণ করা হচ্ছে, তাতে আমরা ব্যথিত। একটি স্বাধীন দেশে যেভাবে মানবতা ও বিরোধীদের উৎখাত করা হচ্ছে, তা মানবতাবিরোধী এবং সবাই এর প্রতিবাদ করছে।’

বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশের জন্য তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা। তিনি বলেন, ‘মানবতার বিরুদ্ধে লড়াই বন্ধ না করলে ওদের সমূহ বিনাশ হবে। চিন্ময় প্রভু ওখানকার প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন। একজন তপস্বী সন্ন্যাসীর সঙ্গে যা ঘটছে, তা সারা বিশ্ব দেখছে।’

এর আগে চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে ইসকনের ভূমিকা নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দুদিন আগে এক বক্তব্যে তিনি বলেন, ‘চিন্ময় প্রভু ইসকনেরই একজন সন্ন্যাসী ছিলেন। তিনি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু গ্রেপ্তারের পর ইসকন যেভাবে তাকে অস্বীকার করল, তাতে আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত।’ চৈতন্য মহাপ্রভুর আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে শমীক ভট্টাচার্য আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী সন্ন্যাসীকে অস্বীকার করার অর্থ স্বয়ং চৈতন্যদেবকেই অস্বীকার করা।

তবে ইসকনের অবস্থান নিয়ে শমীক ভট্টাচার্যের মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, বিষয়টি ইসকনের অভ্যন্তরীণ ব্যাপার এবং এ নিয়ে তার সুনির্দিষ্ট তথ্য জানা নেই। তবে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে বিশ্বজুড়ে জনমত তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। ওই মন্তব্যের দুদিনের মাথায় মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে সরব হলেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে ওই বছরের নভেম্বর মাসে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর মুক্তির দাবিতে বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও একাধিক মিছিল হয়। চট্টগ্রামে তাকে আদালতে হাজির করা ও কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের ঘটনায় এক আইনজীবী নিহত হন। ওই হত্যাকাণ্ডের মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।