পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

কলকাতার ঐতিহ্যবাহী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসে ভাঙচুর, অধ্যাপককে লাঞ্ছিত করা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
প্রাথমিকভাবে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান ছিল। এসআরএফটিআইয়ের অডিটোরিয়াম ভাড়া নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অভিযোগ উঠেছে, অনুষ্ঠান চলাকালে কয়েকজন উগ্র ও উসকানিমূলক ভাষণ দিচ্ছিলেন। এসআরএফটিআইয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তারা এর প্রতিবাদ করতে গেলে ক্যাম্পাসজুড়ে হামলা চালানো হয়। কয়েকজন অধ্যাপকও নিগ্রহের শিকার হয়েছেন বলে তাদের অভিযোগ।
অন্যদিকে, অনুষ্ঠান আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে প্রশ্ন তোলেন, প্রতিষ্ঠানের ভেতরে কেন এই অনুষ্ঠান করা হচ্ছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। উদ্যোক্তাদের অভিযোগ, তাদের পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে এবং তাদের গায়ে হাত তোলা হয়েছে। চড়-থাপ্পড়ও মারা হয়েছে।
ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, ‘এখানে আমাদের স্পেস (প্রাঙ্গণ) ব্যবহার করে একটি বাইরের সংস্থা অনুষ্ঠান করছে। আমরা প্রতিবাদ জানালে আমাদের ওপর আক্রমণ করা হয়। মারধর করা হয়। ইনস্টিটিউটের কর্মকর্তাদের সামনেই এসব হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’
ইনস্টিটিউটের এক ছাত্রী বলেন, ‘ওরা আমাদের ক্যাম্পাসে ঢুকে দেশবিরোধী, নকশাল, জঙ্গি বলছে। ছাত্রদের মারছে। মেয়েদের গায়ে হাত তুলছে। ছুরি দিয়ে আঘাত করছে। আমাদের বাংলাদেশি বলছে।’
আরেক ছাত্র বলেন, ‘এদের কোনো লজ্জা নেই। এরা আমাদের মারছে। হাত ধরে টেনে বের করে দিয়েছে।’ আরও এক শিক্ষার্থী দাবি করেন, ‘আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের মেরেছে। এটা আমাদের প্রতিষ্ঠান। আমরা এখানে পড়াশোনা করি। ওরা বাইরে থেকে এসে মারছে আর বলছে আমরা জঙ্গি?’
যে সংস্থার অনুষ্ঠান চলছিল, তাদের বাস আটকে ইনস্টিটিউটের গেটের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। অন্যদিকে, ওই সংগঠনের এক প্রতিনিধি বলেন, ‘আমরা এখানে যথাযথ ভাড়া দিয়ে এই অনুষ্ঠান করছিলাম। সেই সময়ে এক দল শিক্ষার্থী এসে ঘিরে ধরে আমাদের মারধর করেছে। আমাদের আটকে রাখা হয়েছে। হাসপাতালে ইতোমধ্যেই চারজন ভর্তি হয়েছেন। এরা ছাত্র? স্বামী বিবেকানন্দের ছবি ভেঙেছে এরা। সব শিক্ষার্থীরা নেশাগ্রস্ত ওইখানে।’
এসআরএফটিআই সূত্রে জানা যায়, পুলিশের সামনেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আট ঘণ্টা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বা এসআরএফটিআই ক্যাম্পাস। কলেজ চত্বরে ‘জয় শ্রীরাম’, ‘জয় ভীম’ এবং পাল্টা ‘আজাদি’ স্লোগান উঠতে থাকে।
রোববার রাত ১০টায় পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, ক্যাম্পাসের গেট আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে উত্তেজনা রয়েছে। আপাতত প্রতিষ্ঠানের গেটের ভেতরে অবস্থান বিক্ষোভে শামিল রয়েছেন শিক্ষার্থীরা। বাইরে তাণ্ডব চালাচ্ছেন বহিরাগতরা। মাঝেমধ্যে পাথর, বোতল ও ইট ছোড়াছুড়ি চলছে। দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করা হয়েছে।
