গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৭৪ হাজার

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর গাজায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ১৬ জন। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৮ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এ ছাড়া ২৫১ জনকে জিম্মি করা হয়।
গত বছরের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে বড় ধরনের সংঘাত কমে এলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হুমকি বা হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ১৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত সরকারের অধীন এই মন্ত্রণালয় নিয়মিত হতাহতের তথ্য সংরক্ষণ করে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসব তথ্যকে সাধারণভাবে নির্ভরযোগ্য বলে মনে করে। তবে এতে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে দেখানো হয় না।
অন্যদিকে, যুদ্ধবিরতির পর সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
সর্বশেষ খান ইউনিসের মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পরবর্তী ধাপের অগ্রগতিও অনেকটা থমকে আছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী সরে যাবে না।
