logo

নির্বাচনে জেতার এক বছরেই ট্রাম্পের সম্পদ বেড়েছে ৩৩৪ কোটি টাকা

ফোর্বস
ফোর্বস
নির্বাচনে জেতার এক বছরেই ট্রাম্পের সম্পদ বেড়েছে ৩৩৪ কোটি টাকা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফোর্বস

যুক্তরাষ্ট্রের ইতিহাস কোনো প্রেসিডেন্টের রাজনৈতিক জীবনের সঙ্গে আর্থিক ক্ষমতার এমন সমীকরণ আগে কখনো দেখা যায়নি। ব্যবসায়ী থেকে মার্কিন প্রেসিডেন্ট বুনে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের মতো আর কোনো প্রেসিডেন্ট এত বিপুল অর্থ আয় করেননি। ২০২৪ সালের নির্বাচনে জয়ের পর চলতি মাস পর্যন্ত তার সম্পদ বেড়েছে ২.৭ বিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৪ কোটি ২১ লাখ টাকা।

আন্তর্জাতিক ব্যবসা সাময়িকী ফোর্বস সম্প্রতি ট্রাম্পের মোট সম্পদের একটি নতুন ও হালনাগাদ হিসাব প্রকাশ করেছে। ওই হিসাবে অনুসারে, চলতি মাস পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টর মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮৬ হাজার ৬৫৩ কোটি টাকা।

ফোর্বসের অনুসন্ধানে দেখা গেছে, গত এক বছরে ট্রাম্পের সবচেয়ে বড় আয় এসেছে তার লিকুইড এসেট বা তরল সম্পদ। এই খাত থেকে আয় করেছেন ২.৭ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৩ হাজার ৪৪৪ কোটি বাংলাদেশি টাকা। মার্কিন গলফ কোর্স থেকে আয় করেছেন ৭০৫ মিলিয়ন ডলার, লাইসেন্সিং ও ব্যবস্থাপনা ব্যবসা থেকে ৬৫৫ মিলিয়ন ডলার, ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে ৬২০ মিলিয়ন ডলার এবং ট্রাম্প ন্যাশনাল ডোরাল থেকে ৩৬৫ মিলিয়ন ডলার।

সাময়িকীটির হিসাব অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সময়ের তুলনায় ট্রাম্প বর্তমানে প্রায় ২.৭ বিলিয়ন ডলার বেশি ধনী। তবে বিশ্লেষণে বলা হয়েছে যে, দ্রুত অর্জিত মুনাফা দীর্ঘমেয়াদে ধরে রাখা সবসময় সহজ নয়। ফলে ২০২৬ সালে এসে এখন পর্যন্ত ট্রাম্পের মোট সম্পদ প্রায় ৩০০ মিলিয়ন ডলার কমে গেছে।

নথি অনুযায়ী, ট্রাম্পের মোট সম্পদের সবচেয়ে বড় অংশটি তার ক্রিপ্টোকারেন্সি ও তরল সম্পদের সঙ্গে যুক্ত, যার মোট মূলধন ২.৪ বিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কয়েক দিন আগে চালু করা তার নিজের নামাঙ্কিত মিমকয়েন এবং ট্রাম্প পরিবারের সদস্যদের সহ-প্রতিষ্ঠিত আর্থিক প্ল্যাটফর্ম ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল’ থেকে আসা বড় অংকের মুনাফা।

প্রেসিডেন্টের মোট সম্পদের মধ্যে ১.৮ বিলিয়ন ডলার এসেছে তার মালিকানাধীন গলফ ক্লাব ও রিসোর্টগুলো থেকে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যজুড়ে থাকা ১০টি গলফ কোর্স এবং ফ্লোরিডায় অবস্থিত তাঁর ব্যক্তিগত ক্লাব ‘মার-এ-লাগো’। এ দুটি খাতের পাশাপাশি রিয়েল এস্টেট খাতে ট্রাম্পের ১.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।

এ ছাড়া তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর মূল প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ থেকে ১ বিলিয়ন ডলার এবং নিজস্ব ব্র্যান্ডের পণ্য লাইসেন্সিং ও সন্তানদের দেওয়া ঋণের মতো অন্যান্য সম্পদে রয়েছে আরও ৭০০ মিলিয়ন ডলার।

গত মঙ্গলবার প্রকাশিত এক বিশ্লেষণে ফোর্বস উল্লেখ করেছে, ‘ক্ষমতায় থেকে কীভাবে শত শত কোটি ডলার আয় করতে হয়, সেই নতুন কৌশল ট্রাম্পই তৈরি করে দিয়েছেন। কিন্তু তার রাজনৈতিক জনপ্রিয়তা কমতে থাকায় এবং সামনে মধ্যবর্তী নির্বাচন আসন্ন হওয়ায়, তিনি এখন নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন; প্রেসিডেন্ট পদকে কাজে লাগিয়ে পাওয়া বিপুল পরিমাণ সম্পদ কীভাবে দীর্ঘমেয়াদে ধরে রাখা যায়, সেই পথ বের করা।’