logo

মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানের ট্যাংকার

মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানের ট্যাংকার
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তেলবাহী ট্যাংকার ডুবে যায়। ফাইল ছবি

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তেলবাহী ট্যাংকার ‘এম/টি কায়লো’ ডুবে গেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ট্যাংকারটি ডুবে যাওয়ার একটি ভিডিওও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সামরিক কমান্ড সেন্টকম।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) ‘কায়লো’সহ তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের একটি যুদ্ধজাহাজে হামলা চালানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি ধীরে ধীরে সাগরে তলিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম দাবি করেছে, মার্কিন সেনাদের ‘পেশাদারিত্ব ও নিখুঁততার’ কারণে এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। পোস্টে ব্যঙ্গাত্মকভাবে বলা হয়, ট্যাংকারটি এখন সমুদ্রের নিচে থাকা ইরানের নৌবাহিনীর জাহাজগুলোর সঙ্গে যুক্ত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের নৌবাহিনীকে কার্যত ধ্বংস করা এবং তাদের অধিকাংশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে আসছে ওয়াশিংটন। নতুন এই বক্তব্যের মাধ্যমে সেন্টকম সেই দাবিই আবারও সামনে এনেছে।

এদিকে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে। পাশাপাশি অনুমতিবিহীন রুটে চলাচলের অভিযোগে হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

তবে ইরানের সর্বশেষ এসব হামলার দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।