
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ নজরান ও ওয়াদি আদ-দাওয়াসির এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শনিবার ভোরে (২৪ অক্টোবর) জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়।
সৌদি সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বার্তায় বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টার কিছু পর সতর্কবার্তাগুলো জারি করা হয়। এর কয়েক মিনিট পর রিয়াদের বিভিন্ন এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দা। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং সতর্কবার্তার সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের শান্ত থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:
ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করা এবং জানালা ও কাচ থেকে দূরে থাকা।
বাইরে থাকলে নিকটবর্তী নিরাপদ ভবনে আশ্রয় নেওয়া অথবা শক্ত কোনো আড়ালের পেছনে অবস্থান করা।
গাড়ি চালানোর সময় সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে গাড়ি থামানো এবং সেতু ও উঁচু ভবনের আশপাশ এড়িয়ে চলা।
ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে ভিড় না করা এবং নিরাপত্তা অভিযান বা কোনো ঘটনা ধারণ করতে গিয়ে নিজের জীবন বিপন্ন না করা।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সরকারি নির্দেশনা অনুসরণ করা।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি শনিবার জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে পূর্বাঞ্চলে ড্রোন ভূপাতিতের ঘটনা এবং রিয়াদ, নজরান ও ওয়াদি আদ-দাওয়াসিরে জারি করা সতর্কবার্তার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সিভিল ডিফেন্সের সতর্কবার্তায় সম্ভাব্য বিপদের কথা উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট তিনটি এলাকায় কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, তা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।
