logo

কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ৩৮

রয়টার্স
রয়টার্স
কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ৩৮
ইউক্রেনের কিয়েভে ড্রোন হামলার ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একজন কর্মী কাজ করছেন। ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

Advertisement

শুক্রবার রাতে কিয়েভ অঞ্চলের একটি গোলাবারুদ গুদামে রুশ হামলার পর বিস্ফোরণ ঘটে। চলতি বছরে কিয়েভ অঞ্চলে এটিই এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে রয়টার্স।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, উদ্ধারকারী দলগুলো বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে হামলাস্থল ও আশপাশের এলাকায় দূষণ ও ধ্বংসাবশেষ বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিষ্কার ও উদ্ধারকাজ চলবে।

তিনি উদ্ধারকর্মীদের আগুন নেভানো এবং ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর ভিডিওও প্রকাশ করেছেন।

হামলার শিকার সামরিক স্থাপনাটিতে কামানের গোলা, মাইন, ড্রোনসহ বিভিন্ন ধরনের গোলাবারুদ মজুত ছিল। হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলা আরও তীব্র হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তার দাবি, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনে প্রায় দুই হাজার ড্রোন, এক হাজার ৬০০টির বেশি বোমা ও ৩১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।

জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিটি হামলা ও অপরাধের যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন। এসব হামলার জবাব দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে সাম্প্রতিক সময়ে হামলা-পাল্টা হামলা আরও বেড়েছে। কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলার পাশাপাশি রাশিয়ার ভূখণ্ডেও ড্রোন হামলা চালিয়ে আসছে ইউক্রেন।

কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ৩৮