বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেনের

ইয়েমেনে চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব এলাকা হুতিদের কাছ থেকে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।
সোমবার ইয়েমেনের সেনাবাহিনী জানায়, সরকারি বাহিনীর পক্ষে লড়াই করা সাউদার্ন জায়ান্টস ব্রিগেড ও নেশনস শিল্ড বাহিনী সফলভাবে বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিয়েছে।
সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক বিবৃতিতে বলেন, সরকারি বাহিনী ধুবাব বিমানবন্দরও নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে ধুবাব ও মোক্কার মধ্যকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি দাবি করেন, ধুবাব এলাকায় শত শত হুতি যোদ্ধা ঘেরাও হয়ে পড়েছে। তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। পরে কিছু হুতি যোদ্ধা নৌপথে পালিয়ে গেছে বলেও জানান তিনি।
তবে সরকারি বাহিনীর এসব দাবির বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।
