logo

চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি করতে গিয়ে নিহত ৩

ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে
চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি করতে গিয়ে নিহত ৩
ঝুঁকিপূর্ণ কায়দায় একে একে মুরগির বাক্স নামানোর দৃশ্য। ছবি: এক্স

সিনেমার দৃশ্যের মতো চলন্ত ট্রাক থেকে হিমায়িত মুরগি চুরির ঘটনায় মিশরে ছয় সদস্যের একটি ডাকাত চক্র ধরা পড়েছে। অভিযানের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চক্রটির তিন সদস্য নিহত হয়েছেন। অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) মিশরের রাজধানী কায়রোর একটি মহাসড়কে ঘটে এ ঘটনা। একটি কারখানা থেকে প্রায় ৪ টন হিমায়িত মুরগি নিয়ে ট্রাকটি যাচ্ছিল। এ সময় ডাকাত দলটি চলন্ত অবস্থায় ট্রাকটিকে লক্ষ্য করে।

পাশ দিয়ে যাওয়া এক গাড়িচালকের মোবাইলে ধারণ করা ভিডিওতে পুরো ঘটনাটি ধরা পড়ে। এতে দেখা যায়, দুই ব্যক্তি একটি পিকআপ নিয়ে দ্রুতগতির রেফ্রিজারেটেড ট্রাকটির পিছু নেন। পরে পিকআপের ওপর উঠে চলন্ত অবস্থাতেই ট্রাকটির পেছনের দরজা খুলে একের পর এক মুরগির বাক্স নামিয়ে নেন তারা।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। ঝুঁকিপূর্ণ কায়দায় মুরগির বাক্স নামানোর দৃশ্য দেখে অনেকে ঘটনাটিকে জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেন।

ট্রাকচালক পুলিশকে জানান, ডাকাতির সময় তিনি বিষয়টি টের পাননি। পরে ট্রাক পরীক্ষা করে দেখা যায়, সেখান থেকে ১০৫ কেজির বেশি হিমায়িত মুরগি চুরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর শুরু হয় তদন্ত।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের মাধ্যমে ছয় সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাদের সবারই আগের অপরাধের রেকর্ড ছিল।

পরে কায়রো ও কালিউবিয়া এলাকায় সন্দেহভাজনদের সম্ভাব্য আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে তিনজন নিহত হন এবং অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র এবং ডাকাতিতে ব্যবহৃত পিকআপটি জব্দ করেছে। এ ছাড়া চুরি যাওয়া কিছু মুরগি ও অন্যান্য ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা কয়েকটি মালামালও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি করতে গিয়ে নিহত ৩