logo

এবার জুম-বিবিসি-সিএনএনসহ ১৭৮ প্রতিষ্ঠানে সাইবার হামলা

এবার জুম-বিবিসি-সিএনএনসহ ১৭৮ প্রতিষ্ঠানে সাইবার হামলা
এবার জুম-বিবিসি-সিএনএনসহ ১৭৮ প্রতিষ্ঠানে সাইবার হামলা। ছবি: এক্স থেকে নেওয়া

বৈশ্বিক সাইবার হামলার নতুন লক্ষ্যবস্তু হয়েছে জনপ্রিয় এআই-ফার্স্ট ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম, সংবাদমাধ্যম বিবিসি, সিএনএনসহ ১৭৮টি বড় প্রতিষ্ঠান। হ্যাকিংয়ের ফলে এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ব্যবহাকারীর ক্ষতিকর জাভাস্ক্রিপ্টের সংস্পর্শে এসেছেন। হ্যাক হওয়া তৃতীয় পক্ষের একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যম এসব ওয়েবসাইটে ম্যালওয়্যার ছড়ানো হয় বলে দাবি করেছে সাইবার নিরাপত্তা সংস্থা রিপোর্ট ইউআরআই।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিশ্বের জনপ্রিয় এসব ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যম ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি চুরি, ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া এবং আইফোনের নিরাপত্তা ভাঙার চেষ্টা হয়েছে। রিপোর্ট ইউআরআইর বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) এই ঘটনা প্রকাশ্যে আসে।

Advertisement

কীভাবে ছড়াল ম্যালওয়্যার?

রিপোর্ট ইউআরআই এক বিবৃতিতে জানায়, অপটিমাইজলি ওয়েব এক্সপেরিমেন্টেশন প্ল্যাটফর্মের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেলসফোর্স, গিটল্যাব, ইক্যুইফ্যাক্স, এয়ার ফ্রান্স-কেএলএম, ক্রিপ্টোকারেন্সি হার্ডওয়্যার ওয়ালেট নির্মাতা লেজার এবং স্ট্রিমিং সেবা পিককও রয়েছে।

ম্যালওয়্যারটি বিভিন্ন ধরনের তথ্য চুরির জন্য তৈরি করা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের পেমেন্ট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় ওয়ালেটের ঠিকানা বদলে আক্রমণকারীদের নিয়ন্ত্রণাধীন ওয়ালেটের ঠিকানা বসানো এবং ব্রাউজারের কুকি ও স্ক্রিনশট চুরি করা সম্ভব ছিল।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুসারে, ক্ষতিকর কোডটি অ্যাপলের আইফোন ও আইপ্যাডেও ছড়ানো হয়েছে। এসব ডিভাইসে কোডটি কোরুনা ও ডার্কসোর্ড নামের আইওএস এক্সপ্লয়েট কিট ছড়িয়েছে। এ ছাড়া যাচাইকৃত কয়েকটি লেনদেনের মাধ্যমে আক্রমণকারীদের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাও শনাক্ত হয়েছে।

শনাক্ত হওয়ার পর বেশির ভাগ ক্ষতিকর কোড দ্রুত সরিয়ে ফেলা হয়। বাংলাদেশ সময় ১৭ নভেম্বর ভোর ৩টা ৫২ মিনিট নাগাদ ১৮৮টি আক্রান্ত কোড স্নিপেটের মধ্যে মাত্র একটিতে সংক্রমিত স্ক্রিপ্টটি পাওয়া যায়। এর ৫৬ মিনিট আগে, ভোর ২টা ৫৬ মিনিট নাগাদ ১৬৯টি স্নিপেটে স্ক্রিপ্টটির উপস্থিতি শনাক্ত হয়েছিল।

কী বলছে প্রতিষ্ঠানগুলো?

রয়টার্সের প্রতিবেদনে গবেষক স্কট হেলমেকে উদ্ধৃত করে বলা হয়েছে, অপটিমাইজলি প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়ানো ম্যালওয়্যারটি বিভিন্ন খাতের ১৭৮টি ওয়েবসাইটকে লক্ষ্যবস্তু করেছিল। সাইবার নিরাপত্তা সংস্থা হাডসনরকের মতে, আক্রান্ত ওয়েবসাইটগুলো থেকে ব্যবহারকারীদের কাছে ক্ষতিকর কোড পাঠানোর প্রমাণ পাওয়া গেছে।

আমেরিকান ক্লাউড-ভিত্তিক সফটওয়্যার কোম্পানি সেলসফোর্স জানিয়েছে, অপটিমাইজলির স্ক্রিপ্টে অননুমোদিত পরিবর্তনের বিষয়টি তারা তদন্ত করছে। সম্ভাব্য ক্ষতি এড়াতে স্ক্রিপ্টগুলো নিষ্ক্রিয়ও করেছে প্রতিষ্ঠানটি। ইক্যুইফ্যাক্সও বিষয়টি তদন্ত করে অপটিমাইজলির ব্যবহার বন্ধ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিজস্ব সিস্টেমে নিরাপত্তা লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে অ্যাপল, জুম, এইচএসবিসি, সিএনএন ও আইকিয়া এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কত টাকা হাতিয়েছে হ্যাকাররা

রিপোর্ট ইউআরআইয়ের দাবি, বাংলাদেশ সময় ১৭ নভেম্বর রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত হ্যাকারদের ক্রিপ্টো ওয়ালেটে প্রায় ৭ হাজার ৪০ ডলার জমা পড়েছিল। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৭৫ হাজার ৮৪৬ টাকা। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কতজন ব্যবহারকারী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাও স্পষ্ট নয়।

অন্যদিকে, অপটিমাইজেলি জানিয়েছে, তাদের পরীক্ষামূলক অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়ায় নিরাপত্তার দুর্বলতার সুযোগ নিয়ে অননুমোদিত ব্যক্তি এই কাজ করেছে। সংস্থার দাবি, দুর্বল পথ বন্ধ করে নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। আক্রান্ত গ্রাহকদেরও সতর্ক করা হয়েছে।

এর আগে, বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনায় ফ্রান্সের ব্যাংকিং ও বীমা গ্রুপ ক্রেডিট মুতুয়েল আরকেয়া থেকে ১৩ কোটি ৩০ লাখ ডলারের বেশি অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চুরি করে হ্যাকাররা। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করে। এ ছাড়ার ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিক সাইবার হামলা চালায় অজ্ঞাত হ্যাকার গোষ্ঠী।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট