মার্কিন সাময়িকীর গবেষণা/ইসরায়েলের ভাণ্ডারে ৯০ পরমাণু অস্ত্র

ইরানের পারমাণবিক কর্মসূচিকে মানবসভ্যতার জন্য হুমকি হিসেবে তুলে ধরে দশকের পর দশক ধরে সোচ্চার রয়েছে দখলদার ইসরায়েল। আঞ্চলিক আধিপত্য রক্ষা ও নিজেদের সুরক্ষার নামে দেশটির সরকার বারবার পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর শরণাপন্ন হয়েছে।
তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক নিরাপত্তা ও মানবসভ্যতার জন্য অস্তিত্বের ঝুঁকি নিয়ে কাজ করা সাময়িকী বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসে প্রকাশিত একটি গবেষণাপ্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহলে দ্বিমুখী নীতি বজায় রাখা ইসরায়েল নিজেই দীর্ঘদিন ধরে গোপনে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটিয়ে চলেছে।
গত ১০ নভেম্বর ‘ইসরায়েলি নিউক্লিয়ার উইপনস, ২০২৬’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেছেন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের পারমাণবিক তথ্য প্রকল্পের পরিচালক হ্যান্স এম ক্রিস্টেনসেন এবং গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপক ম্যাকেনজি নাইট-বয়েল। সাময়িকীটির ‘নিউক্লিয়ার নোটবুক’ ধারাবাহিকের অংশ হিসেবে এটি প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হাতে বর্তমানে প্রায় ৯০টি পারমাণবিক অস্ত্র থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের নির্মাণকাজ ও আধুনিকায়ন চলছে।
হিসাব যেভাবে করা হয়েছে
ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্রের অস্তিত্ব স্বীকারও করে না, আবার অস্বীকারও করে না। একে তারা ‘আমিমুত’ বা অস্পষ্টতার নীতি হিসেবে অভিহিত করে আসছে। ফলে গবেষকদের এই হিসাব মূলত দেশটির মজুত থাকা অস্ত্রমানের প্লুটোনিয়ামের পরিমাণ, সম্ভাব্য অস্ত্রবহনক্ষম ব্যবস্থার তালিকা এবং ফাঁস হওয়া বা প্রকাশিত সরকারি নথির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে এর আগে নানা অনুমান প্রচলিত ছিল। এর মধ্যে ৭৫টি থেকে শুরু করে ৪০০টিরও বেশি অস্ত্রের দাবিও রয়েছে। তবে গবেষকদের মতে, অতিরঞ্জিত ও অপ্রমাণিত দাবির ভিড়ে সবচেয়ে যুক্তিসংগত সংখ্যাটি ৯০টির কাছাকাছি। এগুলো মূলত একক পর্যায়ের ‘বুস্টেড ফিশন’ ধরনের অস্ত্র।
আন্তর্জাতিক ফিসাইল মেটেরিয়ালস প্যানেলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে ইসরায়েলের কাছে ৮০০ থেকে ১ হাজার কিলোগ্রাম প্লুটোনিয়াম জমা থাকতে পারে। এর পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে ১৬০ থেকে ২৫০টি অস্ত্র তৈরি সম্ভব।
তবে গবেষকেরা বলছেন, মোট প্লুটোনিয়ামের হিসাব দিয়ে প্রকৃত অস্ত্রের সংখ্যা নির্ধারণ করা যায় না; কারণ অন্যান্য পরমাণুশক্তিধর দেশের মতো ইসরায়েলও সব প্লুটোনিয়াম অস্ত্রে রূপান্তর করেনি, বরং একটি অংশ কৌশলগত মজুত হিসেবে রাখা হয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ১৯৯৮ সালের সমীক্ষায় ৭০টি এবং ১৯৯৯ সালের এক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) ফাঁস হওয়া প্রতিবেদনে ৬০ থেকে ৮০টি অস্ত্র থাকার কথা বলা হয়েছিল।
আকাশ, স্থল ও সমুদ্রের সক্ষমতা
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল মূলত তিনটি ভিন্ন মাধ্যমে পরমাণু অস্ত্র ব্যবহার বা নিক্ষেপ করতে সক্ষম। আকাশপথে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানকে দীর্ঘদিন ধরে সবচেয়ে সম্ভাব্য মাধ্যম মনে করা হয়। এফ-১৫আই যুদ্ধবিমানে পরমাণু সক্ষমতা যুক্ত হয়েছে কি না, তা জানা যায় না।
২০১৯ সালের সেপ্টেম্বরে ইসরায়েল ছয়টি এফ-১৫আই যুক্তরাজ্যে এক মহড়ায় পাঠালে এক মার্কিন কর্মকর্তা ব্যক্তিগত আলাপে লেখক ক্রিস্টেনসেনকে বলেছিলেন, ইসরায়েল তাদের ‘পরমাণু স্কোয়াড্রন’ পাঠিয়েছে। ইসরায়েলের হাতে এখন প্রায় ৫০টি এফ-৩৫আই আছে।
ইসরায়েল ২০২৪ সালে বোয়িংয়ের সঙ্গে ২৫টি এফ-১৫আইএ-এর একটি স্কোয়াড্রনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ২০২৬ সালে এই বিমানের দ্বিতীয় স্কোয়াড্রনের জন্য আরেকটি চুক্তি স্বাক্ষর করেছে। ২০৩১ সালে বিমান সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এতে মোট এফ-৩৫আইয়ের সংখ্যা ১০০-তে পৌঁছাবে।
অতি সম্প্রতি, ইসরায়েল লকহিড মার্টিন-নির্মিত প্রায় ৫০টি এফ-৩৫ বিমানের একটি বহর কিনেছে এবং আরও বিমানের অর্ডার দিয়েছে। এই বিমানের ইসরায়েলি সংস্করণটিতে দেশীয়ভাবে ডিজাইন করা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, গাইডেড বোমা ও আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদন অনুসারে স্থলপথে মধ্য ইসরায়েলের সদত মিখা ঘাঁটিতে ২৫ থেকে ৫০টি চলমান উৎক্ষেপণযন্ত্রে সর্বোচ্চ ৫০টি জেরিকো ক্ষেপণাস্ত্র আছে। বাণিজ্যিক স্যাটেলােইটচিত্রে ঘাঁটিটিতে ২৩টি সম্ভাব্য বাঙ্কার দেখা গেছে। প্রতিটিতে দুটি করে মিসাইল লঞ্চার থাকলে মোট ৪৬টি হতে পারে।
বাঙ্কারগুলোর সংস্কারকাজ ২০১৪ সালে শুরু হয়ে ২০২০ সালে শেষ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জেরিকো-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার কিলোমিটারের বেশি। এর আওতায় পুরো ইরান, পাকিস্তান ও মস্কোসহ ইউরালের পশ্চিমের প্রায় পুরো রাশিয়া পড়ে।
১৯৬৯ সালের মে মাসে জাতীয় নিরাপত্তা অধ্যয়ন স্মারকলিপি ৪০-এর সমর্থনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সমীক্ষায় বলা হয়, ইসরায়েল মনে করত, শত্রুদের সম্ভাব্য পারমাণবিক প্রথম আঘাত ঠেকাতে তাদের এমন একটি পারমাণবিক শক্তি প্রয়োজন, যা ধ্বংস করা প্রায় অসম্ভব।
সমীক্ষায় বলা হয়, দেশটি তখন এ ধরনের সক্ষমতা গড়ে তুলছিল। এর অংশ হিসেবে জেরিকো ক্ষেপণাস্ত্রের জন্য সুরক্ষিত ভূগর্ভস্থ সাইলো নির্মাণ করা হচ্ছিল। ১৯৮০-এর দশকের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার সহযোগিতায় ইসরায়েল দুই-পর্যায়ের কঠিন জ্বালানি-চালিত মাঝারি পাল্লার জেরিকো-২ তৈরি করে। এবং ১৯৯০-এর দশকের শুরুতে প্রথমবারের মতো মোতায়েন করা হয়।
গত দেড় দশকে ইসরায়েল ‘জেরিকো-৩’ নামে পরিচিত বর্ধিত পাল্লার তিন ধাপের একটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। উন্নত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার কিলোমিটারের বেশি। এর মাধ্যমে সম্ভাব্যভাবে পুরো ইরান, পাকিস্তান ও উরাল পর্বতমালার পশ্চিমে অবস্থিত রাশিয়ার প্রায় সব অঞ্চল, এমনকি মস্কোকেও লক্ষ্যবস্তু করা সম্ভব।
জেরিকো-৩ প্রথম পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় ২০০৮ সালের জানুয়ারিতে ভূমধ্যসাগরের ওপর। ধারণা করা হয়, ২০১১ সালে এটি প্রাথমিক কার্যক্ষমতা অর্জন করে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা সূত্র জেনস ডিফেন্স উইকলিকে জানিয়েছে, জেরিকো-৩ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ‘নাটকীয় অগ্রগতি’ এনেছে।
ইসরায়েলের কাছে কতগুলো জেরিকো ক্ষেপণাস্ত্র আছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বেসরকারি হিসাব অনুযায়ী, এর সংখ্যা ২৫ থেকে ১০০ পর্যন্ত হতে পারে। বেশিরভাগ সূত্রের মতে, ইসরায়েলের কাছে এই ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৫০টি পর্যন্ত হতে পারে। এগুলো জেরুজালেম থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে জুডিয়ান পাহাড়ের জাখারিয়া বা জেখারাইয়া শহরের কাছে অবস্থিত সদোত মিখা স্থাপনায় রাখা আছে।
সমুদ্রপথে ইসরায়েলের ছয়টি জার্মানির তৈরি ডলফিন শ্রেণির ডিজেল-বৈদ্যুতিক সাবমেরিনে পরমাণু সক্ষমতা থাকার কথা জানিয়েছে গবেষকরা। এগুলোর ঘাঁটি দেশটির বাণিজ্যিক নগরী হাইফায়। এসব সাবমেরিনে ৬৫০ মিলিমিটার ব্যাসের চারটি বিশেষ টর্পেডো টিউব আছে। বিশ্লেষকদের ধারণা, এগুলো দিয়ে সমুদ্র থেকে ছোড়া যায় এমন ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া যেতে পারে।
জার্মান সাময়িকী ডের স্পিগেল ২০১২ সালে জানিয়েছিল, জার্মান সরকার কয়েক দশক ধরে জানত যে ইসরায়েল এই সাবমেরিনে পরমাণু ক্ষেপণাস্ত্র বসানোর পরিকল্পনা করেছে। ২০২২ সালে জার্মানির সঙ্গে তিনটি নতুন দাকার শ্রেণির সাবমেরিনের চুক্তি হয়েছে। ২০৩০-এর দশকের শুরুতে এগুলো তিনটি ডলফিন-১ শ্রেণির সাবমেরিনের জায়গা নেবে।
ডিমোনা গবেষণাকেন্দ্রে রহস্যজনক নির্মাণকাজ
দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমির ডিমোনা পরমাণু গবেষণাকেন্দ্রে ২০২১ সালের পর থেকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নির্মাণকাজ চলছে। স্যাটেলাইচিত্রে রিঅ্যাক্টরের কাছে বেশ কয়েক তলা গভীর খনন ও সুড়ঙ্গ দেখা গেছে। গবেষকদের মতে, এটি রিঅ্যাক্টরের আয়ু বাড়ানোর কর্মসূচির অংশ হতে পারে। ২০২৬ সালের চিত্রে একটি নতুন বৃত্তাকার কাঠামোও দেখা গেছে।
ডিমোনার বর্তমান রিঅ্যাক্টরটি তার নকশাগত আয়ুর শেষ প্রান্তে রয়েছে এবং এর অ্যালুমিনিয়ামের চাপপাত্রের অবস্থাও অবনতিশীল। তবে ইসরায়েলি কর্মকর্তারা ২০৪০ সাল পর্যন্ত এটি সচল রাখার ইঙ্গিত দিয়েছেন। যেহেতু ইসরায়েল পারমাণবিক অস্ত্র অপ্রসার চুক্তির (এনপিটি) সদস্য নয়, তাই নতুন রিঅ্যাক্টর সংগ্রহ করতে গিয়ে দেশটির নানামুখী জটিলতার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
‘অস্পষ্টতার নীতি’ ও যুক্তরাষ্ট্রের অবস্থান
১৯৬০-এর দশকের শেষ দিক থেকে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত ‘অস্পষ্টতার নীতি’ বজায় রেখে চলেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১১ সালেও এর পুনরাবৃত্তি করে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল প্রথম পরমাণু অস্ত্র ‘আনবে না’ (যার অর্থ তারা পরীক্ষা, আনুষ্ঠানিক ঘোষণা বা প্রকাশ্য ব্যবহার থেকে বিরত থাকবে)।
১৯৬৯ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের মধ্যে এক অলিখিত সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এনপিটিতে সই করার চাপ দেওয়া থেকে বিরত থাকে এবং বিনিময়ে ইসরায়েলও পরমাণু অস্ত্রের মালিকানা প্রকাশ্যে অস্বীকার করে আসে।
তবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী নীতি নিয়ে দেশটির অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। চলতি বছরের মে মাসে কংগ্রেসের ৩০ জন ডেমোক্রেটিক সদস্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়ে ইসরায়েলের পরমাণু কর্মসূচি ও এ বিষয়ে মার্কিন সরকারি কর্মীদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের পারমাণবিক কার্যক্রমের ওপর নজরদারি বা স্যাটেলাইটচিত্র প্রকাশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠানে নানা বিধিনিষেধ ও সেন্সরশিপ কার্যকর রয়েছে।
‘বিতর্কিত’ পরমাণু অস্ত্রের পরীক্ষা
১৯৭৯ সালে ইসরায়েলের সম্ভাব্য একটি পারমাণবিক পরীক্ষার বিষয়টি যুক্তরাষ্ট্র হয়তো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়েছিল। তবে এ নিয়ে এখনো ব্যাপক বিতর্ক রয়েছে। সেবছর ২২ সেপ্টেম্বর ‘ভেলা ৬৯১১’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একটি নজরদারি স্যাটেলাইট ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে দুটি পরপর আলোর ঝলকানি শনাক্ত করে।
ধারণা করা হয়, পারমাণবিক বিস্ফোরণের ফলে এ ধরনের আলোর ঝলকানি তৈরি হয়েছিল। ১৯৭৯ সালের ভেলা ঘটনার পটভূমি জানতে কোহেন ও বার (২০১৬) এবং রিচেলসনের (২০০৬) গবেষণা দেখা যেতে পারে। গোপনীয়তার তকমা তুলে নেওয়া মার্কিন গোয়েন্দা নথিতে দেখা যায়, সে সময় মার্কিন কর্মকর্তাদের মধ্যে ধারণা ছিল, এটি ছিল ইসরায়েলের একটি পারমাণবিক পরীক্ষা। এতে দক্ষিণ আফ্রিকা রসদ সহায়তা দিয়ে থাকতে পারে বলেও মনে করা হতো।
তবে ১৯৮০ সালে হোয়াইট হাউসের একটি প্যানেল সিদ্ধান্তে পৌঁছায়, ভেলা স্যাটেলাইটের শনাক্ত করা সংকেতটি ‘সম্ভবত কোনো পারমাণবিক ঘটনা থেকে আসেনি’। কিন্তু সম্প্রতি প্রকাশ করা নথি অনুযায়ী, মার্কিন বিজ্ঞানী ও গোয়েন্দা বিশ্লেষকদের অনেকেই মনে করতেন, ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক বিরোধ এড়াতে প্যানেলের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্টভাবে নেওয়া হয়েছিল। তারা প্যানেলের সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছিলেন।
নথিগুলোতে আরও ইঙ্গিত পাওয়া যায়, ইসরায়েলি সূত্রগুলো পারমাণবিক পরীক্ষার বিষয়ে মার্কিন কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে তথ্য ফাঁস করেছিল। তবে এসব দাবি হয় সেন্সর করা হয়েছিল, নয়তো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি।
ভেলা ঘটনা যদি সত্যিই ইসরায়েলের পারমাণবিক পরীক্ষা হয়ে থাকে, তাহলে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির নিজস্ব সংজ্ঞা অনুযায়ী এটিকে অস্ত্রের ‘প্রবর্তন’ হিসেবে গণ্য করা হবে কি না, তা স্পষ্ট নয়। ইসরায়েলের পরপর কয়েকটি সরকার কখনোই প্রকাশ্যে ভেলা ঘটনায় দেশটির সম্পৃক্ততার কথা স্বীকার করেনি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে পাঁচটি দেশকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি (এনপিটি) অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন। রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাষ্ট্র।
অন্য চারটি দেশও পারমাণবিক অস্ত্রের অধিকারী। তবে তারা এনপিটির অধীনে স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। উত্তর কোরিয়া ২০০৩ সালে এনপিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তবে ইসরায়েল কখনো প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কথা স্বীকার করেনি।
(2)-6182f1.jpg)





