logo

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
২৩শে সেপ্টেম্বরের এই ফাইল ছবিতে, দক্ষিণ আফ্রিকার ডারবানের দক্ষিণে কোয়ামাখুথায় একটি গুলি চালানোর ঘটনাস্থলে পুলিশি বেষ্টনী দেখা যাচ্ছে। ছবি: ইপিএ

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রোববার ভোরে দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানায়, জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপে ঘটনাটি ঘটে। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। হামলায় জড়িত সন্দেহে আটজনকে খুঁজছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের কাছে পিস্তল ও একে-৪৭ রাইফেল ছিল বলে অভিযোগ রয়েছে। গুলিবিদ্ধ ১৫ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, হামলাকারীরা প্রথমে পানশালার বাইরে থাকা লোকজনের ওপর গুলি চালানোর পর ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা ব্যক্তিদের ওপরও গুলি চালায়। পালিয়ে যাওয়ার আগে তারা কয়েকজনের তল্লাশি চালিয়ে মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে। এরপর দুটি অজ্ঞাতপরিচয় গাড়িতে করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

দক্ষিণ আফ্রিকায় এ ধরনের প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা নতুন নয়। গত সপ্তাহে ডারবানের দক্ষিণে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে একজনকে অন্তঃসত্ত্বা নারী বলে ধারণা করা হয়েছিল। এর আগে জুনে জোহানেসবার্গের একটি শহরতলির অনানুষ্ঠানিক বসতিতে বন্দুক হামলায় ১২ জন নিহত হন।

সর্বশেষ পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।