logo

ভারতে ১৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম, ভরিতে কমলো ৯২ হাজার টাকা

ভারতে ১৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
স্বর্ণের চুড়ি ও গয়না। ছবি : রুবি

ভারতের বাজারে স্বর্ণের দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। সেখান থেকে ধারাবাহিক দরপতনে সর্বশেষ সপ্তাহের লেনদেন শেষে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপি। অর্থাৎ রেকর্ড দামের তুলনায় প্রতি ১০ গ্রামে প্রায় ৫৯ হাজার রুপি কমেছে স্বর্ণের দাম।

ভরির হিসাবে (১১.৬৬৪ গ্রাম) দাম কমেছে প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারেও মূল্যবান এই ধাতুর দামে বড় পতন দেখা গেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে প্রায় ৩ হাজার ৫৩৯ ডলারে। সর্বোচ্চ ৫ হাজার ৬২৬ ডলার ৮০ সেন্টের তুলনায় দাম কমেছে প্রায় ২ হাজার ৮৭ ডলার।

Advertisement

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, শক্তিশালী মার্কিন ডলার এবং বন্ডের উচ্চ মুনাফার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ভারতীয় রুপির মূল্যবৃদ্ধিও দেশটির অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের দাম কমাতে ভূমিকা রেখেছে।

স্বর্ণের দামে পতনের পেছনে তিন কারণ

বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে স্বর্ণের দামে দরপতনের পেছনে প্রধানত তিনটি বিষয় কাজ করছে।

প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যেতে পারে।

দ্বিতীয়ত, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির সরকারি বন্ডের উচ্চ মুনাফা বিনিয়োগকারীদের স্বর্ণ থেকে অন্য সম্পদে ঝুঁকতে উৎসাহিত করছে।

তৃতীয়ত, ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্যবৃদ্ধি দেশটির বাজারে আমদানি করা স্বর্ণের দাম কমাতে সহায়তা করছে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনের কারণে বিভিন্ন বাজারে তারল্যসংকট ও বিক্রির চাপ তৈরি হয়েছে। নগদ অর্থের জোগান নিশ্চিত করতে বিনিয়োগকারীরা স্বর্ণসহ বিভিন্ন পণ্য ও মূল্যবান ধাতু বিক্রি করছেন।

৩ হাজার ৫০০ ডলার গুরুত্বপূর্ণ সমর্থনস্তর

স্বল্পমেয়াদে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের ৩ হাজার ৫০০ ডলারের স্তরকে গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ স্তর ভেঙে নিচে নেমে গেলে দাম ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে নেমে আসতে পারে।

পণ্য ও মুদ্রাবাজারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইটির ভাইস প্রেসিডেন্ট যতীন ত্রিবেদী বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের জন্য ৩ হাজার ৫০০ ডলার গুরুত্বপূর্ণ সমর্থনস্তর।

তিনি জানান, আগামী ৯ ডিসেম্বর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা বাজারে অস্থিরতা ধরে রাখতে পারে।

কারিগরি বিশ্লেষণে ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৫০০ ডলারকে তাৎক্ষণিক সমর্থনস্তর হিসেবে দেখা হচ্ছে। এর নিচে পরবর্তী সমর্থন ৩ হাজার ৩০০ ডলার। অন্যদিকে স্বর্ণের দাম বাড়তে শুরু করলে ৩ হাজার ৬৫০ থেকে ৩ হাজার ৭০০ ডলারের মধ্যে বাধার মুখে পড়তে পারে।

ভারতের বাজারে কোন পর্যায়ে নামতে পারে দাম?

গত সপ্তাহে এমসিএক্সে স্বর্ণের দাম প্রায় ১১ শতাংশ কমেছে। প্রতি ১০ গ্রামে ১ লাখ ২১ হাজার ৭০০ থেকে ১ লাখ ২১ হাজার রুপির স্তরটি এখন গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে।

এই স্তর ভেঙে গেলে দাম ১ লাখ ১৮ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে নেমে যেতে পারে।

অন্যদিকে বাজার ঘুরে দাঁড়ালে প্রথমে ১ লাখ ২৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২৭ হাজার রুপির স্তরে বাধা পেতে পারে স্বর্ণের দাম। এরপর ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ৭০০ রুপির স্তর গুরুত্বপূর্ণ প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে। এসব বাধা অতিক্রম করতে পারলে বাজারে পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যাবে।

এদিকে দৈনিক আপেক্ষিক শক্তি সূচক বা আরএসআই প্রায় ১৭-তে নেমে এসেছে। সাধারণত আরএসআই ৩০-এর নিচে থাকলে বাজারকে অতিরিক্ত বিক্রির পর্যায়ে রয়েছে বলে বিবেচনা করা হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম আরও কমার পাশাপাশি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ২৩ নভেম্বর দেশটির উৎপাদন ও সেবা খাতের প্রাথমিক ক্রয় ব্যবস্থাপক সূচক (পিএমআই) প্রকাশিত হবে। ২৫ নভেম্বর প্রকাশিত হবে অক্টোবরের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই), যা মূল্যস্ফীতি পরিমাপে ফেডারেল রিজার্ভের পছন্দের সূচক।

এসব তথ্য থেকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতি বেশি থাকলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হতে পারে। এতে স্বর্ণের দামে আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিপরীতে মূল্যস্ফীতি কমার ইঙ্গিত পাওয়া গেলে সুদের হার নিয়ে উদ্বেগ কমতে পারে এবং স্বর্ণের বাজারে নতুন করে কেনার আগ্রহ তৈরি হতে পারে।

১০ গ্রাম স্বর্ণের দাম ১ লাখ রুপিতে নামবে?

ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম শিগগিরই ১ লাখ রুপিতে নেমে যাওয়ার সম্ভাবনা দেখছেন না বাজার বিশ্লেষক ও সেবি-নিবন্ধিত বিশেষজ্ঞ অনুজ গুপ্ত।

তাঁর মতে, ভারত ও আন্তর্জাতিক; উভয় বাজারেই স্বর্ণ অতিরিক্ত বিক্রির পর্যায়ে রয়েছে। ফলে বর্তমান দরপতনের পর বাজার ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৫০ ভিত্তি পয়েন্টের কম বাড়ালে এবং দেশটির মূল্যস্ফীতির তথ্য ইতিবাচক হলে স্বর্ণের বাজারে আবারও কেনার আগ্রহ তৈরি হতে পারে।

সব মিলিয়ে, ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ১ লাখ রুপিতে নেমে আসবে কি না, তা নির্ভর করছে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি, মার্কিন ডলারের গতিপথ এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা-জোগানের ওপর। আপাতত বিশ্লেষকদের নজর আন্তর্জাতিক বাজারে ৩ হাজার ৫০০ ডলার এবং ভারতের বাজারে ১ লাখ ২১ হাজার রুপির সমর্থনস্তরের দিকে।

অর্থাৎ, স্বর্ণের দাম আরও কমার ঝুঁকি থাকলেও ১ লাখ রুপিতে নেমে যাওয়াকে এখনই নিশ্চিত বা নিকটবর্তী সম্ভাবনা হিসেবে দেখছেন না বিশেষজ্ঞদের একাংশ।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট