মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি

সাউথ চায়না মর্নিং পোস্ট
মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি
চীনের অন্যতম অর্থনৈতিক সংস্কারক ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি। ছবি: সংগৃহীত

চীনের ঐতিহাসিক অর্থনৈতিক সংস্কারের অন্যতম প্রধান স্থপিত ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। বুধবার (১২ আগস্ট) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত এক শোকবার্তায় তাকে কমিউনিস্ট পার্টির অনুগত যোদ্ধা, অসামান্য সর্বহারা রাষ্ট্রনায়ক এবং দল ও রাষ্ট্রের এক ব্যতিক্রমী নেতা হিসেবে অভিহিত করা হয়েছে।

ঝু রংজি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০-এর দশকে উচ্চ মূল্যস্ফীতি ও ধুঁকতে থাকা অর্থনীতি উত্তরণে উপ-প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে তিনি অভূতপূর্ব অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত করেন।

বিশেষ করে ২০০১ সালে চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অন্তর্ভুক্ত করার কঠিন আলোচনার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। তার দূরদর্শী ভূমিকার কারণেই চীনা অর্থনীতি বৈশ্বিক বাজারের সঙ্গে একীভূত হয় ও রাষ্ট্রীয় মালিকানাধীন অলাভজনক প্রতিষ্ঠানগুলোর (এসওই) পুনর্গঠন সুসম্পন্ন হয়।

১৯২৮ সালে হুনান প্রদেশের চাংশায় জন্ম নেওয়া ঝু রংজি ১৯৫১ সালে বিখ্যাত সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৭ সালে এশীয় আর্থিক সংকট দক্ষতার সঙ্গে মোকাবিলা এবং হংকংয়ের সফল সার্বভৌমত্ব হস্তান্তরেও তার ভূমিকা ছিল অপরিসীম।

মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি