logo

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার অধিকার দাবি ট্রাম্পের, তুললেন নির্বাচন জালিয়াতির অভিযোগ

দ্য গার্ডিয়ান
দ্য গার্ডিয়ান
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার অধিকার দাবি ট্রাম্পের, তুললেন নির্বাচন জালিয়াতির অভিযোগ
বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যের সিউক্স সিটিতে মধ্যবর্তী নির্বাচন প্রচারণামূলক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার ওপর নিষেধাজ্ঞা থাকলেও, ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে নিজের পুনরায় নির্বাচনে লড়ার যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আইওয়া অঙ্গরাজ্যের সিউ সিটিতে এক নির্বাচনি সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আইন অনুযায়ী তার আবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না-ও থাকতে পারে। তবে ২০২০ সালের নির্বাচনে তার সঙ্গে প্রতারণা করা হয়েছিল বলে দাবি করে তিনি বলেন, সে কারণে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার তার রয়েছে বলে মনে করেন।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, তিনি কার্যত তিনবার নির্বাচনে জয়ী হয়েছেন। তাই আবারও প্রেসিডেন্ট পদে লড়ার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। ফলে ট্রাম্পের তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার দাবি সাংবিধানিক বাধার মুখে পড়বে।

এর আগেও একাধিকবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলে তিনি তা করতে ‘খুবই পছন্দ করবেন’। গত ফেব্রুয়ারিতে টেক্সাসের এক জনসভায়ও আরও একটি মেয়াদ পূর্ণ করার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

এ ছাড়া গত বছর ট্রাম্পের আনুষ্ঠানিক অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা ক্যাপ বিক্রি শুরু হয়। জুলাইয়ে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেও তাকে ওই ক্যাপ পরতে দেখা যায়।

তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা তার এসব বক্তব্যকে গুরুত্বহীন মন্তব্য বা রাজনৈতিক রসিকতা হিসেবে তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন গত বছর বলেছিলেন, ট্রাম্প মূলত ডেমোক্র্যাটদের উসকে দিতে বা তাদের নিয়ে ব্যঙ্গ করতেই তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, ট্রাম্পকে পুনরায় নির্বাচনে লড়ার সুযোগ দিতে সংবিধান সংশোধনের কোনো বাস্তব সম্ভাবনা তিনি দেখছেন না।

তবে বিরোধীদের একাংশ আশঙ্কা করছেন, ট্রাম্পের বক্তব্যকে নিছক কৌতুক হিসেবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। বৃহস্পতিবারের সমাবেশে ট্রাম্প নিজেও স্বীকার করেন, সংবিধানের সংশ্লিষ্ট বিধানটি বেশ স্পষ্ট এবং এর বিকল্প ব্যাখ্যা বা ফাঁকফোকর খুঁজে পাওয়া কঠিন।

এদিকে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের আসন বাড়াতে সমর্থকদের সক্রিয়ভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি অনুসারীদের এমনভাবে ভোট দেওয়ার কথা বলেছেন, যেন তিনি নিজেই ব্যালটে রয়েছেন।

তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে তার এই রাজনৈতিক কৌশল রিপাবলিকানদের কতটা সুবিধা এনে দেবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।