টাকার অভাবে বিয়ে হচ্ছিল না, মাটি খুঁড়তে গিয়ে মিলল হীরা

সংবাদ প্রতিদিন
টাকার অভাবে বিয়ে হচ্ছিল না, মাটি খুঁড়তে গিয়ে মিলল হীরা
টাকার অভাবে বিয়ে হচ্ছিল না, মাটি খুঁড়তে গিয়ে মিলল হীরা। ছবি: সংগৃহীত

ভাগ্যের চাকা কখন কীভাবে ঘোরে, তা হয়তো কেউ বলতে পারে না। রাতারাতি দারিদ্র্য মিটে কোটিপতি হয়ে যাওয়ার যে রূপকথা আমরা গল্পে শুনি, ঠিক তেমনই এক অলৌকিক কাহিনির জন্ম হলো মধ্যপ্রদেশের পান্নায়। সাত শ্রমিক পরিত্যক্ত এক খনিতে পেলেন একটি বিশালাকার বহুমূল্য হীরা। যার বর্তমান বাজার মূল্য অন্তত ৫০ লাখ টাকা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে অখিলেশ পালসহ সাত শ্রমিক পান্নার সারোখা গ্রামে একটি খনি ইজারা নিয়েছিলেন। জমিগুলো সচরাচর ধনি ব্যবসায়ীরা ইজারা নিয়ে সেখানে খনন চালানোর জন্য শ্রমিকদের নিয়োগ করেন। ফলে শ্রমিকরা হীরার সন্ধান পেলেও লাভবান হন ধনী ব্যবসায়ীরা। কিন্তু এবার ইজারা নিয়েই তাদের ভাগ্য বদলে গেল।

কোনো মূল্যবান পাথরের সন্ধান না পাওয়ায় এক বছর খনিটি বন্ধ ছিল। সম্প্রতি পাশের আরেকটি খনিতে কাজ শুরুর পর পুরোনো খনি পর্যবেক্ষণে গিয়ে বর্ষায় বৃষ্টির মধ্যে অখিলেশের চোখে পড়ে চকচক করা হীরের খনি। পরে জানা যায় সেটি ১৭.৯৬ ক্যারেটের বহুমূল্য হীরে। যার বাজারমূল্য ৫০ লাখ টাকার বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, এই হীরাটি একদম সর্বোচ্চ মানের। বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা এই ধরনের হীরে কিনতে আগ্রহী থাকে। নিয়ম অনুযায়ী, আপাতত হীরেটি একটি সরকারি সংগ্রহশালায় রয়েছে।

বিশেষজ্ঞদের অনুমান, নিলামে এই হীরেটির আনুমানিক বাজারমূল্য কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। নিয়ম অনুযায়ী, সরকারি কর এবং রয়্যালটির অংশটুকু বাদ দিয়ে বাকি সমস্ত অর্থই পাবেন ওই ৭ জন শ্রমিক। সরকারি উদ্যোগেই অক্টোবর মাসে হীরাটি নিলামে উঠবে।

মাটির নিচ থেকে উঠে আসা এই চকচকে পাথরটি যে এক মূহুর্তেই তাদের জীবনের অন্ধকার ঘুচিয়ে দিল, তা বলাই বাহুল্য। তাদের মধ্যে তিনজন শ্রমিক জানান, টাকার অভাবে তারা বিয়েও করতে পারছিলেন না। আপাতত হীরে বিক্রির লভ্যাংশ হাতে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তারা। এর মাধ্যমে অভাবের সংসারের সব স্বপ্ন পূরণ করতে চান তারা।

বিশেষজ্ঞরা মনে করেন, যেখানে এই হীরে পাওয়া গিয়েছে সেখানে খুঁড়লে হয়তো আরও হীরে মিলতে পারে, বড় হীরের খনি থাকারও সম্ভাবনা রয়েছে। অনুসন্ধান করলে আগামী দিনে দেশের ভাগ্যও বদলে যেতে পারে।

টাকার অভাবে বিয়ে হচ্ছিল না, মাটি খুঁড়তে গিয়ে মিলল হীরা