জ্বালানি তেলের দাম আরও বাড়ল

মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দেয় পাশাপাশি ইরান আরও আক্রমণাত্মক সামরিক অবস্থান নেওয়ার ঘোষণা দেয়।
এর মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাম হয়েছে ৯১ দশমিক ১৪ ডলার।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার পর উত্তেজনা বেড়েছে।
সোমবার রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার প্রচেষ্টা থমকে যাওয়ায় দেশটি সামরিক ক্ষেত্রে ‘পূর্ণাঙ্গ আক্রমণাত্মক’ অবস্থানে যাবে। একই সময়ে ওয়াশিংটনও অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করেছে।

