ইসরায়েলি যুদ্ধজাহাজের গতিপথ বদলাতে বাধ্য করেছে তুরস্কের নৌবাহিনী

ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনীর কয়েকটি জাহাজের গতিপথ বদলাতে বাধ্য করেছে তুরস্কের যুদ্ধজাহাজ। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
কান-এর প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ভূমধ্যসাগরে অবস্থানরত ইসরায়েলি নৌযানগুলোর কাছে তুরস্কের যুদ্ধজাহাজ এগিয়ে যায়। এর ফলে ইসরায়েলি জাহাজগুলো কোন পথে চলতে পারবে, সে বিষয়ে প্রভাব পড়ে এবং তাদের গতিপথ পরিবর্তন করতে হয়।
তবে এসব ঘটনা ঠিক কখন এবং ভূমধ্যসাগরের কোন এলাকায় ঘটেছে, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের নৌবাহিনীর তৎপরতা বাড়ার মধ্যেই এমন ঘটনা সামনে এলো।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জলসীমায় তুরস্ক ও ইসরায়েলের নৌবাহিনীর জাহাজের মধ্যে একাধিক মুখোমুখি অবস্থানের খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। তবে এখন পর্যন্ত এসব ঘটনার কোনোটি সরাসরি সামরিক সংঘাতে রূপ নেয়নি।
বিশ্লেষণে এসব তৎপরতাকে অঞ্চলটিতে নিজেদের উপস্থিতি ও কৌশলগত স্বার্থের বিষয়ে তুরস্কের দৃঢ় অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সিরিয়া ও পূর্ব ভূমধ্যসাগরকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিয়ে বিরোধের মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে সিরিয়ায় দুই দেশের স্বার্থের সংঘাত এবং পূর্ব ভূমধ্যসাগরে তাদের প্রতিদ্বন্দ্বিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

