logo

হুতিদের সহায়তার অভিযোগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা গ্রেপ্তার

হুতিদের সহায়তার অভিযোগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) লোগো। ছবি: এপি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তার অভিযোগে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির বিচার বিভাগ। তার বিরুদ্ধে হুতিদের বিস্ফোরক ও ড্রোন তৈরিতে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং তাদের কারিগরি সহায়তা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম অ্যাশটন হামেদ এল্লাবুদি। তার বয়স ৫১ বছর।

মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, তিনি বিদেশে গিয়ে নিজের বিশেষায়িত কারিগরি জ্ঞান ব্যবহার করে হুতিদের সহায়তা করার চেষ্টা করেন।

জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ. আইজেনবার্গ বলেন, অভিযোগ অনুযায়ী, এল্লাবুদি বিস্ফোরক তৈরির উপকরণ এবং এসব বিস্ফোরক বহনে সক্ষম ড্রোন নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছিলেন।

তিনি বলেন, ‘অভিযোগগুলো এতটাই গুরুতর ও উদ্বেগজনক যে সেগুলো প্রায় কল্পনাকেও হার মানায়।’

মার্কিন বিচার বিভাগের অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালে এল্লাবুদি সরকারি পাসপোর্ট ব্যবহার করে ওয়াশিংটন থেকে ওমানে যান। ওমানে পৌঁছানোর পর একই পাসপোর্ট ব্যবহার করে তিনি ইয়েমেনে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল ইয়েমেনের রাজধানী সানায় যাওয়া।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ইয়েমেনে যাওয়ার পর এল্লাবুদি হুতিদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার চেষ্টা করেন।

হুতিরা ইয়েমেনভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্র তাদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। গোষ্ঠীটি ইরানের সমর্থনপুষ্ট বলে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, এল্লাবুদিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ আনা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় রিচল্যান্ডে একজন ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে তার প্রাথমিক হাজিরা হওয়ার কথা রয়েছে।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত হবে।