বিমসটেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে যা বলছে ভারত

ভারতের নয়া দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক আঞ্চলিক জোট ‘বিমসটেক’ (BIMSTEC)-এর প্রথম স্বরাষ্ট্র সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অনুপস্থিতি সত্ত্বেও অংশ নিয়েছে ঢাকার প্রতিনিধি দল। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্র সচিবের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
এ নিয়ে বুধবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক ব্রিফিংয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। জবাবে বিষয়টিকে ইতিবাচক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই নয়াদিল্লি মূল্যায়ন করেছে বলে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়সওয়াল।
তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিচালনায় অনুষ্ঠিত বিমসটেকভুক্ত দেশগুলোর এই উদ্বোধনী বৈঠকে বাংলাদেশসহ আঞ্চলিক জোটের সবকটি সদস্য রাষ্ট্রের সক্রিয় উপস্থিতি ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে সচিব পর্যায়ে ঢাকার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলা হলেও, আঞ্চলিক নিরাপত্তা সুসংহত করতে সম্মিলিত সদিচ্ছার ওপরই জোর দিয়েছে ভারত।
বৈঠক শেষে যৌথভাবে গৃহীত 'দিল্লি ঘোষণা' (Delhi Declaration)-এর উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিমসটেকভুক্ত অঞ্চলজুড়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা, সীমান্তপারে মাদক পাচার প্রতিরোধ এবং অর্থ পাচারবিরোধী কার্যক্রমে পারস্পরিক সমন্বয় জোরদার করতে সকল দেশ একমত হয়েছে। ঢাকার অংশগ্রহণ আঞ্চলিক এই নিরাপত্তা চুক্তিকে আরও বেগবান করবে বলে ভারতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
একই প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল খুবই সংক্ষেপে বলেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে নজর দেয়া হবে বলে আশা তাদের।