ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও বাণিজ্যিক জাহাজগুলো কোনো ধরনের হুমকির মুখে পড়লে ইরানের বিরুদ্ধে ‘এখনই’ সামরিক শক্তির প্রয়োগের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা দেন।
সাক্ষাৎকারে উপস্থাপক হিউ হিউইট ট্রাম্পকে প্রশ্ন করেন, মার্কিন মিত্রদেশ ও জাহাজগুলোকে ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ থেকে রক্ষা করতে তিনি সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবেন কি না।
জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কোনো দ্বিধা নেই। আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি। তবে পরিস্থিতি যদি অন্য দিকে মোড় নিতে দেখি, তবে আমি অবশ্যই তা (সামরিক হামলা) করব এবং এমনও হতে পারে যে আমি এখনই তা করব।’
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘গত পাঁচ মাসে আমরা একজন সেনাও হারাইনি। উপসাগরীয় অঞ্চল আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। পুরোপুরি নিয়ন্ত্রণে।’
ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে ২৬ মাস সময় লাগলেও মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখতে তিনি প্রস্তুত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘শাসনব্যবস্থা ভেঙে পড়ছে। তাদের সংবাদমাধ্যমের বক্তব্যের সঙ্গে বাস্তবতার অনেক পার্থক্য রয়েছে।’
ইরানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশটিতে মূল্যস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সেনাদের বেতন দেওয়া হচ্ছে না। দেশটির সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
ইরানি কর্মকর্তারা নিজেদের অবস্থান নিয়ে ‘বড় বড় কথা বলছেন’ বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, ‘কোনো কিছু পরিকল্পনা মতো না হলে আমি সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করব না।’
কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে ইরান হত্যা করলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এমন পরিস্থিতি তৈরি হলে ইরান ‘আর বেশি দিন টিকে থাকতে পারবে না’ বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্পকে আরও প্রশ্ন করা হয়, তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকে, তাহলে সেটি তার প্রেসিডেন্সির ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে কি না।
উপস্থাপক হিউ হিউইট প্রশ্ন করেন, ‘আপনার মেয়াদ শেষে যদি ইরানের ওই উগ্রপন্থিরা ক্ষমতায় থাকে, তাহলে সেটি কি আপনার জন্য পরাজয় হবে, নাকি তিন বছরের মধ্যে এটি করা সম্ভব নয়?’ জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সেটি পরাজয় হবে।’
সূত্র: আনাদোলু
(2)-6182f1.jpg)

