logo

ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ, নিহত ৭

ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ, নিহত ৭
ইয়েমেনের আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালায় বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা। ছবি: আল জাজিরা

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সোমবার জানান, আল-জাওফের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে হামলাটি চালানো হয়। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে জানানো হয়।

হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন হামলার পরের পরিস্থিতির কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওগুলোতে একটি ভবনের ধ্বংসাবশেষ এবং সেখানে উদ্ধারকারীদের তল্লাশি চালাতে দেখা যায় বলে দাবি করেছে চ্যানেলটি।

তবে হুতিদের এই অভিযোগ নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, আল মাসিরাহ আরও কিছু ভিডিও প্রকাশ করে দাবি করেছে, ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সামরিক সরঞ্জাম বহনকারী সৌদি সরবরাহ ট্রাকে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য এতে রয়েছে।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে আল-জাওফে ‘গণহত্যা’ চালানো, গোয়েন্দা ড্রোন পরিচালনা এবং ভাড়াটে যোদ্ধাদের অস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছেন। তবে এসব দাবিরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।