ভারতের ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সম্পর্ক বহাল রাখায় ভারতের চার কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাস্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষিত এই নিষেধাজ্ঞার সর্বশেষ তালিকায় একাধিক আন্তর্জাতিক ব্যক্তি, প্রতিষ্ঠানের পাশাপাশি ভারতের চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কয়েক ভারতীয় নাগরিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ভারতভিত্তিক ‘পোর্টইজ পার্টনার্স এলএলপি (পোর্টইজ)’ দেশটিতে ইরানি পেট্রোকেমিক্যাল পণ্যের একাধিক চালান আমদানিতে প্রত্যক্ষ সহায়তা করেছে। এই প্রতিষ্ঠানের দুই মনোনীত অংশীদার ও ভারতীয় নাগরিক ইন্দ্রিষ্মায়া আশারাফমায়া শেখ এবং হরিশ রামচন্দ্র রাঙ্গির ওপরও ব্যক্তিকেন্দ্রিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ছাড়া, ভারতভিত্তিক কোম্পানি ‘সদাশিবা ওভারসিজ লিমিটেড’ ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুনের মধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃক পূর্ব-মনোনীত ‘বনজুর কমোডিটি এফজেডই’-সহ একাধিক সরবরাহকারীর কাছ থেকে প্রায় ৬৯ মিলিয়ন ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ইও ১৩৮৪৬-এর ধারা অনুযায়ী জেনেশুনে এ ধরনের বড় অঙ্কের ইরানি পণ্য ক্রয় ও পরিবহনে জড়িত থাকার দায়ে প্রতিষ্ঠানটিকে নিষেধাজ্ঞা দিয়েছে। তালিকায় থাকা অন্য দুটি ভারতীয় প্রতিষ্ঠান হলো ‘পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড’ এবং ‘প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পিপি সফটটেক ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুনের মধ্যে প্রায় ২৫ মিলিয়ন ডলারের ইরানি তেলজাত পণ্য আমদানি করেছে। ফলে এর পরিচালক ও ভারতীয় নাগরিক প্রশান্ত গার্গকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। অন্যদিকে, প্রকৃতিস ইনফ্রা ২০২৩ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আরও ২৫ মিলিয়ন ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম আমদানি করার অভিযোগে এ নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

