logo

ছেলের গেমিং আসক্তি বুঝতে গেম খেলা শুরু, ৬০ বছর বয়সে অনলাইন তারকা চীনা নারী

সাউথ চায়না মর্নিং পোস্ট
সাউথ চায়না মর্নিং পোস্ট
ছেলের গেমিং আসক্তি বুঝতে গেম খেলা শুরু, ৬০ বছর বয়সে অনলাইন তারকা চীনা নারী
দক্ষিণ চীনের ৬০ বছর বয়সী ই-স্পোর্টস লাইভ-স্ট্রিমার ঝং জুয়ানজুয়ান—যিনি ‘আন্টি জুয়ান’ বা ‘মেইঝৌ গ্র্যান্ডমা’ (মেইঝৌ দাদিমা) নামেও পরিচিত—ছেলের ভিডিও গেমের প্রতি আসক্তি বোঝার জন্য গেম খেলা শুরু করেছিলেন এবং পরবর্তীতে নিজেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

ছেলের গেমিং আসক্তি কেন হয়েছিল, তা বুঝতে গিয়ে নিজেই কম্পিউটার গেম খেলতে শুরু করেছিলেন দক্ষিণ চীনের ৬০ বছর বয়সি এক নারী। এখন তিনি জনপ্রিয় গেমিং লাইভস্ট্রিমার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা বেড়েছে, আর লাইভে তাকে দেখতে হাজির হন হাজারো দর্শক।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াংডং প্রদেশের মেইঝৌ শহরের উপকণ্ঠে বসবাস করেন ঝং জুয়ানজুয়ান। অনলাইনে তিনি ‘আন্টি জুয়ান’ নামে পরিচিত।

ঝং মাত্র প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন। জীবনের বিভিন্ন সময়ে বিক্রয়কর্মী ও শিশুর দেখাশোনাসহ নানা খণ্ডকালীন কাজ করেছেন। প্রায় ১০ বছর আগে তিনি অবসর নেন।

তবে গেমিংয়ের প্রতি তার আগ্রহের পেছনে রয়েছে পারিবারিক একটি ঘটনা। প্রায় দুই দশক আগে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তার ছেলে গেমে আসক্ত হয়ে পড়েছিলেন। এর প্রভাব পড়ে তার পড়াশোনায় এবং ফলাফল খারাপ হতে থাকে।

ছেলেকে গেম খেলা থেকে বিরত রাখতে ঝং প্রায়ই স্থানীয় ইন্টারনেট ক্যাফেতে তাকে খুঁজতে যেতেন। কখনও কখনও জোর করে তাকে সেখান থেকে বের করে আনতেন।

কিন্তু ২০২০ সালে পরিস্থিতি বদলে যায়। চাকরি ছেড়ে দেওয়ার পর ছেলে সুয়োডে দীর্ঘ সময় বাড়িতে বসে গেম খেলছিলেন। গেমের প্রতি ছেলের এত আগ্রহের কারণ বুঝতে ঝং নিজেই সেই ভার্চুয়াল জগতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন।

মা গেম খেলতে আগ্রহী হওয়ায় প্রথমে অবাক হয়েছিলেন সুয়োডে। তবে তিনি ধৈর্য ধরে মাকে গেম খেলা শেখাতে শুরু করেন।

শুরুর দিকে বেশ সমস্যায় পড়তে হয় ঝংকে। তার দৃষ্টিশক্তি কমে আসছিল এবং প্রতিক্রিয়ার গতিও আগের তুলনায় ধীর ছিল। ছেলে সুয়োডে জানান, শুরুতে গেমের ভেতরে সোজা চলতেই তার মায়ের সমস্যা হতো। দেয়ালে ধাক্কা খেয়ে ঘুরে যেতেন এবং সিঁড়ি বেয়ে উঠতেও অসুবিধা হতো।

তবে ঝং হাল ছাড়েননি। নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে থাকেন। ২০২২ সালে তিনি নিজের গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার শুরু করেন।

সাধারণ মানের সরঞ্জাম ব্যবহার করেও ঝংকে ভালো খেলতে দেখে দর্শকেরা অবাক হয়ে যান। ধীরে ধীরে তার লাইভস্ট্রিম জনপ্রিয় হয়ে ওঠে এবং হাজারো দর্শক নিয়মিত তার খেলা দেখতে শুরু করেন।

এখন পর্যন্ত ঝং ৮ হাজার ঘণ্টারও বেশি সময় গেম খেলেছেন। তার পছন্দের গেমের মধ্যে মূলত শুটিংধর্মী গেমই বেশি।

২০২৪ সালের ডিসেম্বরে তিনি আরও ব্যাপক পরিচিতি পান। ওই সময় তাকে অনলাইনে আয়োজিত ‘কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেন্সিভ’-এর একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

ছেলের গেমিং আসক্তি বোঝার উদ্দেশ্যে শুরু করা সেই যাত্রাই শেষ পর্যন্ত ৬০ বছর বয়সি ঝং জুয়ানজুয়ানকে অনলাইন গেমিং জগতের পরিচিত মুখে পরিণত করেছে।