
বিশ্ব জ্বালানি বাজারে তেলে দাম আরও একধাপ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার খবরের পাশাপাশি ভূ-রাজনৈতিক ঝুঁকি অব্যাহত থাকার বিষয়টি ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দর প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটা নাগাদ তেল বিক্রির বাজারে এই দাম বাড়ার প্রভাব চোখে পড়ে। লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে ১১১ ডলারে দাঁড়িয়েছে। এদিন সকালে ১১০.০৭ ডলার ছিল। এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বোচ্চ ১১০.৭০ ডলারে উঠেছিল, যা গত মে মাসের পর সর্বোচ্চ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামের পতন দেখা গেছে। এদিন বিকেলে ব্যারেলপ্রতি তেলের দাম প্রায় ১০০.৫৫ ডলারে নেমে গেছে। অবশ্য সকালে আগের দিনের তুলনায় তেলের দামও ব্যারেলপ্রতি প্রায় ১০৪.০৩ ডলারে গিয়ে ঠেকে।
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হুতি হামলা ও পারস্য উপসাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে আক্রমণের খবরই বাজারকে অস্থির করে তুলেছে। একইসঙ্গে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার ঘটনা বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। এভাবে চলতে থাকলে হয়তো বৈশ্বিক বাজারে তেল সরবরাহ বন্ধ বা ব্যাহত হতে পারে।
