logo

ভোটার তালিকায় অসংগতির জন্য কাঠগড়ায় দিল্লির মুখ্যমন্ত্রী

কলকাতা ব্যুরো দিল্লি, ভারত
ভোটার তালিকায় অসংগতির জন্য কাঠগড়ায় দিল্লির মুখ্যমন্ত্রী
আম আদমি পার্টির প্রধান এবং সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ছবি: সংগৃহীত

দিল্লিতে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বড়সড় গোলমালের চিত্র ধরা পড়েছে। তথ্যে অসংগতি থাকার কারণে নোটিশ পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, আম আদমি পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গত ৩১ আগস্ট দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল। রাজধানীর ১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে সেই তালিকায় নাম বাদ পড়েছিল প্রায় ৪৭ লাখ মানুষের। এরপর শনিবার কমিশন একটি নতুন তালিকা প্রকাশ করে জানায়, খসড়া তালিকায় থাকা ৩৩ লাখ ১০ হাজার ভোটারের নথিতে নানা ধরনের তথ্যগত অসংগতি ও ম্যাপিংয়ের সমস্যা রয়েছে।

নির্বাচন কমিশনের এই তথ্যে দেখা গেছে, বাবা-মা, স্ত্রী ও ছেলেসহ প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে ‘আনম্যাপড’ বা মানচিত্রহীন ভোটারের তালিকায় রয়েছেন। অন্যদিকে, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর ক্ষেত্রে দেখা যায়, নথিপত্রে তার ও তার অভিভাবকদের বয়সের ব্যবধান ১৫ বছরেরও কম। এই অমিলের কারণেই তাদের কাছে কমিশনের নোটিশ পৌঁছায়।

তবে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে জটিলতা ইতিমধ্যেই কেটেছে। শালিমার বাগের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এক বিবৃতিতে জানিয়েছেন, সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক (বিএলও) সরেজমিনে গিয়ে রেখা গুপ্তর সব নথিপত্র পরীক্ষা ও যাচাই করেছেন। সমস্যার সমাধান হয়ে যাওয়ায় চূড়ান্ত ভোটার তালিকায় মুখ্যমন্ত্রীর নাম নিশ্চিতভাবেই থাকছে।

অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল ও তার পরিবারের নথিপত্র যথাযথভাবে যাচাই করা হলেই তাদের ‘আনম্যাপড’ সমস্যার সমাধান হয়ে যাবে এবং চূড়ান্ত তালিকায় নাম তুলে দেওয়া হবে। আম আদমি পার্টির পক্ষ থেকে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যদিও নির্বাচন কমিশন জানিয়েছে সমস্ত যোগ্য নাগরিকের নাম রাখা নিশ্চিত করতেই এই উদ্যোগ।