বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি হতে পারে ভারতের: কংগ্রেস মন্ত্রী

ভারতের ক্রমবর্ধমান জনঅসন্তোষ নিরসনে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ও নেপালের থেকেও গুরুতর সংকটের মুখে পড়তে পারে ভারত। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসআইআর (SIR) প্রক্রিয়া এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন ঝাড়খণ্ডের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ও কংগ্রেস নেতা ইরফান আনসারি।
ইরফান আনসারি আরও বলেন, ‘দেশের (ভারতের) বর্তমান অবস্থা ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’। তাঁর দাবি, কৃষক, মধ্যবিত্ত, দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন স্তর আজ মারাত্মক সংকটের সম্মুখীন।
দিল্লিতে প্রায় ৪০ লাখ তরুণ রাস্তায় নেমে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নির্দেশেই এতদিন এই যুবসমাজ সংযত রয়েছে। পরিস্থিতি হাতের বাইরে গেলে সেনাবাহিনী বা পুলিশ দিয়ে এই গণরোষ দমন করা সম্ভব হবে না বলেও তিনি সতর্ক করেন।
বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত পরিস্থিতি সামাল না দিলে দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।’
নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঝাড়খণ্ডের এই মন্ত্রী। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। উল্লেখ্য, এই তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট এবং গত ১ নভেম্বর দিল্লিতে একটি মহাসমাবেশও অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ভুয়া ও দ্বৈত ভোটারদের বাদ দিয়ে তালিকা স্বচ্ছ ও হালনাগাদ করতেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে।
ইরফান আনসারির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই জাতীয় রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি মন্ত্রীর এই বক্তব্য সম্বলিত ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একে ‘নৈরাজ্যের প্রকাশ্য আহ্বান’ বলে অভিহিত করেছেন এবং তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন।
উসকানিমূলক মন্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ঝাড়খণ্ড মন্ত্রিসভা থেকে ইরফান আনসারিকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছে।