হিন্দি গান গেয়ে ভারতীয়দের মন জয় করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের নৈশভোজে কিশোর কুমারের জনপ্রিয় গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অনুষ্ঠানে পিয়ানোবাদকের সঙ্গে গলা মিলিয়ে ‘খোয়াব হো তুম ইয়া কোই হাকিকত’ গানটি পরিবেশন করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজনে ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফরে গেছেন আনোয়ার ইব্রাহিম। সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা ও কূটনৈতিক ব্যস্ততার বাইরে নৈশভোজের এই পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘তিন দেবিয়াঁ’ সিনেমার গানটি গেয়েছিলেন কিশোর কুমার। গানটির সুর করেছিলেন এস ডি বর্মণ ও কথা লিখেছিলেন মাজরুহ সুলতানপুরি।
নিজের পরিবেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আনোয়ার ইব্রাহিম। এর সঙ্গে তিনি লিখেছেন, ‘গুরু মিনতাক ইজিন ন্যাঞ্জি কেজাপ ওকে!’—যার অর্থ, ‘শিক্ষক, আমি একটু গান গাইতে পারি?’
ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে তার গানের প্রশংসা করেন। একজন মন্তব্য করেন, ‘আপনি দারুণ গেয়েছেন।’ আরেকজন মালয়েশিয়ায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আনোয়ারকে ধন্যবাদ জানান।
ভারতীয় গান ও সিনেমার প্রতি আনোয়ার ইব্রাহিমের আগ্রহ নতুন নয়। এর আগেও তিনি কিশোর কুমারের একই গান পরিবেশন করেছেন। ২০২৪ সালে দিল্লিতে একটি অনুষ্ঠানে মুকেশের জনপ্রিয় ‘দোস্ত দোস্ত না রাহা’ গানও গেয়েছিলেন তিনি।
হিন্দি গানের পাশাপাশি দক্ষিণ ভারতের সিনেমা ও সংগীতের প্রতিও তার আগ্রহ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এর আগে আনোয়ারের এম জি রামচন্দ্রনসহ দক্ষিণ ভারতের চলচ্চিত্রের জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রতি তার আগ্রহের কথা উল্লেখ করেছেন।
ব্রিকসের অংশীদার দেশ হিসেবে মালয়েশিয়ার অংশগ্রহণের সময় বৈশ্বিক বিভিন্ন ইস্যু, অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বৈঠকে ডিজিটাল প্রযুক্তি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
